গত কিছুদিন ধরে টালিগঞ্জে আলোচনার কেন্দ্রে রয়েছেন সুপারস্টার দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সেই চর্চার প্রভাব বাংলাদেশেও কম নয়। কারণ, দেশেও তাঁদের ভক্ত রয়েছেন। একসময় দেব-শুভশ্রী জুটি বেঁধে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তাঁদের ব্যক্তিগত প্রেমও একসময় ভক্তদের আনন্দের উপলক্ষ ছিল।
তবে সেই প্রেম ভেঙে যায়। দেব ও শুভশ্রী দুজনেই ভিন্ন পথে জীবন এগিয়ে নিয়েছেন। দীর্ঘ এক যুগ পর আবারও সিনেমায় জুটি হয়েছেন তাঁরা। মজার বিষয় হলো, ‘দেশু ৭’ নামের এই সিনেমাটি পরিচালনাও করেছেন দেব।
এই সিনেমার সূত্র ধরেই দেব ও শুভশ্রীকে নিয়মিত একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় তাঁদের রোম্যান্স নিয়েও চলছে ব্যাপক আলোচনা। এর মধ্যেই দেবের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আরও একটু স্পষ্ট করলেন অভিনেত্রী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলো তোলা হয়েছে ‘দেশু ৭’ সিনেমার ‘তোর শুধু তোর’ গানটির শুটিংয়ে। তবে মূল বিষয়টি ছিল ছবির ক্যাপশনে। সেখানে অভিনেত্রী লিখেছেন একটি শব্দ—‘এমনি’।
দেব-ভক্তরা এই ‘এমনি’ শব্দটির সঙ্গে বেশ পরিচিত। কারণ, অনেক দিন ধরেই দেব তাঁর ফেসবুক পেজে বেশির ভাগ ছবির ক্যাপশনে ‘এমনি’ লিখে আসছেন। এবার তাঁরই পথ অনুসরণ করলেন শুভশ্রী। আর তাতেই বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
কেউ লিখেছেন, ‘আজ এমনি পূর্ণতা পেল’; কেউ মন্তব্য করেছেন, ‘দুজনই দেখি এমনি’; আরেকজন লিখেছেন, ‘সিঙ্গেল এমনি আর দুই দিক থেকে ডাবল এমনি, খটকা আছে!’ আরেক ভক্ত আরও এক ধাপ এগিয়ে লিখেছেন, ‘দেবের সাথে বিয়ে হলে আরো ভালো হতো’।
প্রসঙ্গত, দুদিন আগে প্রকাশিত হয়েছে ‘তোর শুধু তোর’ গানটি। এরই মধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। এতে বোঝা যাচ্ছে, পর্দায় দেব-শুভশ্রীর পুনর্মিলনে বেশ আনন্দিত দর্শক।
দুর্গাপূজায় মুক্তি পাবে ‘দেশু ৭’ সিনেমাটি। এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।


