বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ, ‘ভায়োলেন্স’ ছাড়লেন অধরা খান

পত্রিকার পাতা ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

পরিচালক কামাল হোসেন বাবরের বিরুদ্ধে অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবের অভিযোগ তুলেছেন অভিনেত্রী অধরা খান। এসব কারণে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ সিদ্ধান্তের ফলে আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়েছেন বলেও দাবি করেছেন এই অভিনেত্রী।

রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বিস্তারিত জানান অধরা। তিনি বলেন, সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছেন। তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এত দিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন।

ফেসবুক পোস্টে অধরা লেখেন, “আপনাদের অনেকেই জানতে চেয়েছেন, কেন আমি ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি! পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই নিজের অবস্থান পরিষ্কার করছি।”

এত দিন নীরব থাকার কারণ ব্যাখ্যা করে অধরা বলেন, তাঁর বক্তব্যের কারণে সিনেমাটির চলমান শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে নেতিবাচক প্রভাব পড়ুক, তা তিনি চাননি। তবে এ অভিজ্ঞতার কারণে তাঁকে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে।

অধরার ভাষ্য, ‘ভায়োলেন্স’ সিনেমার জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ গ্রহণ করতে পারেননি তিনি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব প্রকল্পের বিস্তারিত প্রকাশ করাও সম্ভব নয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

তিনি আরও জানান, সিনেমাটির জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি ঠিক রাখতে না পারায় তাঁর কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে। শুটিং শুরুর মাত্র এক দিন আগে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল, যা তাঁকে অত্যন্ত হতাশ করেছে। বাংলা সিনেমার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই ‘ভায়োলেন্স’ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছিলেন বলে জানান তিনি।

এ অভিজ্ঞতাকে নিজের জন্য বড় শিক্ষা হিসেবে উল্লেখ করে অধরা লেখেন, “এই অভিজ্ঞতা আমার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। যথাযথ পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে আমি আমার ক্যারিয়ারের একটি বড় ‘ভুল’ হিসেবেও দেখছি। আমার এই লেখার উদ্দেশ্য কাউকে ছোট করা বা কোনো সিনেমার ক্ষতি করা নয়; বরং আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করা।”

সবশেষে অধরা লেখেন, ‘কিছু অভিজ্ঞতা আমাদের আরও সচেতনভাবে এগিয়ে যেতে শেখায়। পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব কখনোই একতরফা হওয়া উচিত নয়। একজন শিল্পী হিসেবে নিজের সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াটাও আমার দায়িত্ব। আশা করি, আমার বক্তব্যকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাখ্যা হিসেবেই দেখবেন।’

উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে ‘ভায়োলেন্স’ সিনেমায় অধরা খানের চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।