পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ক্ষত এখনো শুকায়নি, ৩৬ প্রাণ হারানোর শোক আজও তাজা

Main Admin
জুলাই ২১, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার এক বছর পূর্ণ হলো আজ। গত বছরের ২১ জুলাইয়ের সেই দুর্ঘটনায় পাইলট, শিক্ষিকা ও ২৮ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনের মৃত্যু হয়। আহত হন শতাধিক মানুষ। এক বছর পরও সেই ট্র্যাজেডির শোক ও স্মৃতি বহন করছেন স্বজন, সহপাঠী এবং শিক্ষকেরা।

গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। মুহূর্তেই প্রাণচঞ্চল শিক্ষাঙ্গন পরিণত হয় ধ্বংসস্তূপে। আগুন, ধোঁয়া আর আর্তনাদে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দুর্ঘটনায় দগ্ধ ও আহত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং কর্মচারীদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের চিকিৎসা চলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দীর্ঘ চিকিৎসার পর অনেকে বাড়ি ফিরলেও অনেকের শরীরে এখনো রয়েছে পোড়া ক্ষতের দাগ, আর মনে রয়ে গেছে সেই দিনের ভয়াবহ স্মৃতি।

তদন্তে উঠে আসে দুর্ঘটনার কারণ

দুর্ঘটনার পর তৎকালীন অন্তর্বর্তী সরকার নয় সদস্যের একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশন দুর্ঘটনার কারণ, দায়দায়িত্ব, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের দায়িত্ব পায়।

প্রায় তিন মাস তদন্ত শেষে ১৫০ জনের সাক্ষ্য, বিভিন্ন তথ্য-উপাত্ত এবং বিশ্লেষণের ভিত্তিতে ৩৩টি সুপারিশসহ প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নজনিত ত্রুটির কারণে প্রশিক্ষণ চলাকালে বিমানটি পাইলটের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনার শিকার হয়।

কমিটি ভবিষ্যতে জননিরাপত্তার স্বার্থে বিমানবাহিনীর প্রাথমিক উড্ডয়ন প্রশিক্ষণ ঢাকার বাইরে পরিচালনার সুপারিশ করে। পাশাপাশি বরিশাল ও বগুড়া বিমানঘাঁটির রানওয়ে সম্প্রসারণের পরামর্শ দেওয়া হয়।

ভবনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন

তদন্ত প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত ভবনের নির্মাণব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভবনটি রাজউকের বিল্ডিং কোড অনুযায়ী নির্মিত হয়নি। যেখানে অন্তত তিনটি সিঁড়ি থাকার কথা, সেখানে ছিল মাত্র একটি।

প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, পর্যাপ্ত জরুরি নির্গমনপথ থাকলে হতাহতের সংখ্যা আরও কম হতে পারত।

বেঁচে ফেরার লড়াই

আহতদের মধ্যে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নাভিদ নাওয়াজ দীপ্তের চিকিৎসা দেশজুড়ে আলোচনায় আসে। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ৯৭ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে ৩৬টি অস্ত্রোপচার এবং আটবার স্কিন গ্রাফটিং করতে হয়।

চিকিৎসকদের ভাষ্য, একাধিকবার তার জীবন নিয়ে শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত সে সুস্থ হয়ে বাড়ি ফেরে। তার সুস্থ হয়ে ওঠা এই ট্র্যাজেডির মধ্যেও আশার প্রতীক হয়ে ওঠে।

অন্যদিকে কয়েকজন নিহতের মরদেহ আগুনে এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল যে প্রথমে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ পরীক্ষার মাধ্যমে পাঁচজনের পরিচয় নিশ্চিত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।

এক বছর পরও রয়ে গেছে মানসিক ক্ষত

এক বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার, আহত শিক্ষার্থী এবং তাদের স্বজনদের কাছে ২১ জুলাই এখনো গভীর বেদনার দিন। অনেক শিক্ষার্থী শারীরিকভাবে সুস্থ হলেও মানসিক ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। হারানো সন্তান ও স্বজনের স্মৃতি নিয়ে দিন কাটাচ্ছেন অনেক পরিবার।

দুই দিনের স্মরণ কর্মসূচি

দুর্ঘটনার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম জানান, প্রথম দিনে সব শাখার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে সমাহিত নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের কবর জিয়ারত এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

আজ ট্র্যাজেডির দিনটি উপলক্ষে প্রতিষ্ঠানের সব শাখায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। উত্তরার দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

কর্মসূচির মধ্যে রয়েছে বিএনসিসি, রোভার স্কাউট, গার্লস গাইড, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা পালন এবং দোয়া মাহফিল।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, স্মরণ অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে সকাল ১০টায় এবং দ্বিতীয় পর্ব বিকেল ৩টায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।