ছিনতাইয়ের উদ্দেশ্যে বের হয়েছিলেন চারজন। পথে এক তরুণকে লক্ষ্য করে তাঁকে অপহরণ করেন তাঁরা। কিন্তু পরে জানতে পারেন, ওই তরুণের কাছ থেকে নেওয়ার মতো কোনো অর্থ নেই। এতে ক্ষুব্ধ হন ছিনতাইকারীরা। শেষ পর্যন্ত মুঠোফোনের অ্যাপ ব্যবহার করে ওই তরুণকে ঋণের জন্য আবেদন করতে বাধ্য করেন তাঁরা। অল্প সময়ের মধ্যে ঋণ অনুমোদন হলে পাশের একটি এটিএম বুথ থেকে সেই অর্থ তুলে নিয়ে পালিয়ে যান ছিনতাইকারীরা।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাইয়ে। ভুক্তভোগী তরুণের নাম অজয়। তাঁর বয়স ২১ বছর।
স্থানীয় পুলিশ জানিয়েছে, অজয় চেন্নাইয়ের দক্ষিণাঞ্চলের পল্লিকরনাই এলাকায় ছিলেন। এ সময় রাস্তায় হঠাৎ ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি। তাঁকে জোর করে একটি অটোরিকশায় তোলা হয়। এরপর সঙ্গে থাকা টাকাপয়সা ও দামি জিনিসপত্র ছিনিয়ে দিতে বলেন তাঁরা।
ঘটনার সময় অজয়ের পকেট ছিল ফাঁকা। তাঁর কাছে কোনো টাকা বা দামি জিনিস ছিল না বলে ছিনতাইকারীদের জানান তিনি। অজয় ভেবেছিলেন, এতে হয়তো রেহাই পাবেন। কিন্তু তা হয়নি। তাঁকে মারধর করেন ছিনতাইকারীরা। এরপর তাঁরা ভিন্ন কৌশল অবলম্বন করেন।
অটোরিকশায় বসিয়েই অজয়কে দিয়ে মুঠোফোনের একটি অ্যাপের মাধ্যমে ঋণের জন্য আবেদন করান তাঁরা। অল্প সময়ের মধ্যে আবেদনটি অনুমোদন পায়। এরপর অজয়কে পাশের একটি এটিএম বুথে নিয়ে ঋণের টাকা তোলেন ছিনতাইকারীরা। পরে সেই অর্থ নিয়ে চলে যান তাঁরা।
যাওয়ার আগে অজয়কে ছেড়ে দিলেও তাঁর পকেটে থাকা মুঠোফোনটি নিতে ভোলেননি ছিনতাইকারীরা। এ ছাড়া এটিএম বুথ থেকে সদ্য তোলা ৯ হাজার ৫০০ রুপিও নিয়ে যান তাঁরা।
এ ঘটনায় চেন্নাইয়ের পল্লিকরনাই থানায় মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে অভিযুক্ত চারজনকে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া চারজন হলেন সাই আবুথাকির ওরফে আবু (১৮), প্রকাশ রাজ (২২), পুবালান (২৩) ও সঞ্জয় (২১)। তাঁদের সবার বাড়ি চেন্নাইয়ে।
পুলিশের একজন কর্মকর্তা বলেন, অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।


