উৎসব বা বিশেষ দিনের আগে অনেকের মুখে হঠাৎ ব্রণ, র্যাশ কিংবা চোখের নিচে কালচে দাগ দেখা দেয়। দুশ্চিন্তা, অনিয়মিত ঘুম ও ত্বকের অযত্নে এমন সমস্যা আরও বাড়তে পারে। অথচ ঈদের সাজের মূল আকর্ষণই হলো উজ্জ্বল ও সতেজ মুখত্বক।
মানসিক চাপ কমানো জরুরি
শোভন সাহার মতে, অতিরিক্ত মানসিক চাপ শরীরের পাশাপাশি ত্বকের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। একজিমা, সোরিয়াসিসসহ বিভিন্ন প্রদাহজনিত সমস্যার পেছনে মানসিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে রোগ প্রতিরোধক্ষমতা দুর্বল হয়ে ত্বকের সমস্যা আরও বাড়ে।
তিনি বলেন, উদ্বেগ ও চাপের কারণে ঘুমের ব্যাঘাত ঘটে, ফলে ত্বক নিষ্প্রভ ও ক্লান্ত দেখাতে পারে। এ জন্য নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। যোগব্যায়াম, মেডিটেশন কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কাজ ভাগ করে নেওয়ার মতো অভ্যাস মানসিক চাপ কমাতে সহায়ক হতে পারে।
রেটিনল ব্যবহারে সতর্কতা
ত্বকের যত্নে বর্তমানে রেটিনল বেশ জনপ্রিয়। ভিটামিন ‘এ’–জাত এই উপাদান রোমকূপ পরিষ্কার করতে, কোলাজেন উৎপাদন বাড়াতে এবং হাইপারপিগমেন্টেশন কমাতে সাহায্য করে।
তবে শুরুর দিকে রেটিনল ব্যবহারে ত্বকে লালচে ভাব বা ব্রণ দেখা দিতে পারে। তাই বিশেষ কোনো অনুষ্ঠান বা উৎসবের আগে নতুন পণ্য ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দেন শোভন সাহা। তাঁর মতে, বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ত্বকের ধরন বুঝে পণ্য ব্যবহার করাই ভালো।
ফেশিয়ালের আগে বিশেষজ্ঞের পরামর্শ
করোনার পর অনেকেই বাসায় ফেশিয়াল করতে অভ্যস্ত হয়েছেন। তবে ত্বকের ধরন ও প্রয়োজন অনুযায়ী পারলার বা স্যালনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ফেশিয়াল করানো বেশি কার্যকর হতে পারে।
শোভন সাহা বলেন, ত্বকে কী ধরনের পরিবর্তন চান, তা বিউটি এক্সপার্টকে জানালে তিনি উপযুক্ত ফেশিয়াল এবং কত দিন পরপর তা করতে হবে, সে বিষয়ে পরামর্শ দিতে পারবেন।
নিয়মিত এক্সফোলিয়েশন ও ব্রাইটেনিং সেরাম
ত্বকে মৃত কোষ জমে গেলে মুখ মলিন দেখায়। তাই নিয়মিত এক্সফোলিয়েশন ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। পাশাপাশি ব্রাইটেনিং সেরাম ব্যবহার করলে ত্বক আরও প্রাণবন্ত দেখাতে পারে।
শোভন সাহার পরামর্শ, শুরুতে সপ্তাহে একবার এক্সফোলিয়েশন করা ভালো। পরে ত্বক সহ্য করতে পারলে সপ্তাহে দুবার করা যেতে পারে।
ফল ও সবজির জুস উপকারী
ঈদের আগে ত্বকে সতেজতা আনতে মৌসুমি ফল ও সবজির জুস বা স্মুদি উপকারী হতে পারে। বিশেষ করে সবুজ সবজির জুস ত্বকের জন্য ভালো বলে জানান শোভন সাহা।
তিনি বলেন, এসব জুসে থাকা খনিজ উপাদান শরীরে অক্সিজেন সরবরাহ বাড়াতে এবং ত্বকের ফোলা ভাব কমাতে সহায়তা করে। তবে অতিরিক্ত নয়, দিনে এক গ্লাস জুস পান করাই যথেষ্ট।

