আগামী ২৮ মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং ২০১৬ সালের আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। এরপর ১২ এপ্রিল পর্যন্ত চলবে প্রথম পর্বের খেলা।
ঘোষিত সূচি অনুযায়ী ২ এপ্রিল হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আসরকে সামনে রেখে নতুন জার্সি প্রকাশ করেছে তারা। ‘কলকাতা নাইট রাইডার্স: লাইন্স অব লিগ্যাসি থিমকে সামনে রেখে তৈরি করা নতুন জার্সিতে রঙে রয়েছে কেকেআরের পরিচিত গাঢ় বেগুনি ও ঝলমলে সোনালি। এ বারের জার্সিতে নতুন চমক হচ্ছে জার্সির মধ্যে থাকা লাইন।
কেকেআর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন জার্সির নকশায় দলের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে। ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্র্যান্ডন ম্যাককালামের অবিস্মরণীয় ১৫৮ রানের ইনিংস থেকে শুরু করে শেষ ওভারে টানা পাঁচটি ছক্কা হাঁকানো রিঙ্কু সিং—এমন বহু স্মরণীয় মুহূর্ত কেকেআরের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। সেই প্রতিটি ঘটনার প্রতীকী রেখাই নতুন জার্সির ডিজাইনে ফুটে উঠেছে।
এই সব লাইন বা রেখা একত্রিত হয়ে ‘কেকেআর’ শব্দটা তৈরি করা হয়েছে। অর্থাৎ শুধু স্মৃতিতেই নয়, দলের ঐতিহ্য এবার জার্সির নকশার মধ্যেই জড়িয়ে গেল। ফলে সমর্থকেরা এই জার্সি পরলে দলের ইতিহাসের এক টুকরো নিজের সঙ্গে বহন করতে পারবেন।
জার্সি উন্মোচন প্রসঙ্গে নাইট রাইডার্স স্পোর্টসের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘লাইন্স অব লিগ্যাসি’ দীর্ঘ যাত্রাপথ ও সাফল্যের গল্পকে তুলে ধরে। প্রতিটি লাইন আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের প্রতিনিধি। এই ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত এবং আগামী মৌসুমে সেই ধারাবাহিকতা বজায় রেখে সমর্থকদের জন্য আরও স্মরণীয় মুহূর্ত তৈরি করতে চাই।’
নতুন জার্সি প্রকাশকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও একটি বিশেষ প্রচার অভিযান চালানো হয়েছে। বিভিন্ন ক্ষেত্রের পরিচিত মুখদের নিয়ে তৈরি একটি প্রচারমূলক ভিডিও মাধ্যমে এই জার্সি লঞ্চকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
ভিডিয়োতে অভিনেতা রজত বেদী ও স্ট্যান্ডআপ কমেডিয়ান অনির্বাণ দাশগুপ্তসহ কলকাতার বেশ কয়েকজন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর অংশ নিয়েছেন। তাদের মাধ্যমে দলের ঐতিহ্য ও স্মরণীয় মুহূর্তগুলোকে নতুনভাবে তুলে ধরাই ছিল এই প্রচারের মূল উদ্দেশ্য।

