পত্রিকার পাতা
ঢাকামঙ্গলবার , ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পাকিস্তানের ব্যাংকের প্রথম নারী গভর্নরের মৃত্যু

Md Abu Bakar Siddique
ডিসেম্বর ২৮, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের প্রথম ও একমাত্র নারী গভর্নর এবং দুই দফা তত্ত্বাবধায়ক সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করা শামশাদ আখতার (৭১) মারা গেছেন। দেশটির অর্থ মন্ত্রণালয় শনিবার এ খবর জানিয়েছে।

মৃত্যুর আগে শামশাদ আখতার পাকিস্তান স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মাধ্যমে তিনি পাকিস্তানের মুদ্রানীতি, রাজস্ব ব্যবস্থাপনা ও পুঁজিবাজার—তিন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বিরল ব্যক্তিত্বে পরিণত হন।

২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত পাকিস্তান স্টেট ব্যাংকের গভর্নর ছিলেন তিনি। পরে ২০১৮ ও ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তানের অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব শামশাদ আখতারকে দেশটির অর্থনীতির ইতিহাসে একজন নীতিবান ও মর্যাদাসম্পন্ন বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করে তার সততা, পেশাদারত্ব ও দীর্ঘ জনসেবার প্রশংসা করেছেন।

এক বিবৃতিতে আওরঙ্গজেব বলেন, তিনি দেশের সর্বোচ্চ পর্যায়ের অর্থনৈতিক প্রতিষ্ঠানের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। শামশাদ আখতারের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন দেশটির এই অর্থমন্ত্রী।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশটির প্রথম এই নারী গভর্নর। আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সবচেয়ে অভিজ্ঞ অর্থনৈতিক নীতিনির্ধারকদের একজন হিসেবে পরিচিত শামশাদ আখতার বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট এবং জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন ইএসক্যাপ) নির্বাহী সচিবসহ একাধিক জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এশীয় উন্নয়ন ব্যাংকেও কাজ করেন।

হায়দরাবাদে জন্ম নেওয়া শামশাদ আখতার করাচি ও ইসলামাবাদে পড়াশোনা করেন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, কায়েদে আজম বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব সাসেক্স এবং যুক্তরাজ্যের পেইসলি কলেজ অব টেকনোলজি থেকে ডিগ্রি অর্জন করেন।

সূত্র: এএফপি, ডন, আরব নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।