বিচারকের আদেশ জালিয়াতি করে ভুয়া জামিননামা তৈরির অভিযোগে ঢাকার দেউলিয়া আদালতের সেরেস্তাদার মো. খাদেমুল বাশারকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।এর আগে সূত্রাপুর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মোল্লা আসামিকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়েছে, আসামি খাদেমুল বাশার বিচারকের নাম-পদবির ব্যবহারপূর্বক স্বাক্ষর জাল করে। জালিয়াতির মাধ্যমে জাল রিলিজ আদেশ ও জাল জামিননামা তৈরি করে প্রতারণার আশ্রয় নিয়ে আসামিদের জামিনে মুক্তি করায়।
পরে জাল জালিয়াতির অভিযোগে তার নামে মামলা করা হয়।
মামলার পরে আসামি মো. খাদেমুল বাশার ঘটনার সঙ্গে জড়িত মর্মে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে।গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৯ অক্টোবর) বিকেলে আসামিকে সূত্রাপুর থানাধীন জনসন রোড থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য মতে বর্তমান ঠিকানার বাসায় অভিযান চালানো হয়। আসামির দেখানো ও উপস্থাপন মতে উপস্থিত স্বাক্ষীদের মোকাবেলায় আলামত সমূহ জব্দ করে হেফাজতে নেওয়া হয়।
আসামির থেকে আদালতের গুরুত্বপূর্ণ কাগজপত্র, জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করা আসামিদের বেলবন্ড এবং আদেশনামা তৈরি করে আসামিদের জামিনে মুক্ত করার বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করা হয়েছে।

