দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্প হোক কিংবা বলিউড—দুই জায়গাতেই ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। গত কয়েক বছরে বক্স অফিসে সফলতা পেয়েছেন তিনি। তবে সাফল্যের পাশাপাশি সমালোচনাও পিছু ছাড়েনি এই অভিনেত্রীর।
কখনো উচ্চারণ, কখনো অভিনয়ের দক্ষতা নিয়ে সমালোচনার মুখে পড়েছেন রাশমিকা। নেটিজেনদের একাংশ তাঁকে ‘জাতীয় ক্রাশ’ হিসেবে দেখলেও অন্য একটি অংশ তাঁকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েন না। এবার এসব সমালোচনা নিয়ে খোলামেলা কথা বলেছেন ‘অ্যানিমেল’ সিনেমার এই অভিনেত্রী।
সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমের একটি পর্বে স্বামী ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত হন রাশমিকা। সেখানে তাঁর কাছে সমালোচনা নিয়ে জানতে চাওয়া হয়।
রাশমিকা বলেন, ‘সিনেমায় কাজ শুরু করার পর থেকেই কোনো না কোনো কারণে আমাকে সমালোচনা বা নিন্দার শিকার হতে হচ্ছে। কখনো আমার অভিনয়, কখনো ভাষা, কখনো উচ্চারণ নিয়ে কথা হয়েছে। কিন্তু আমি কখনোই নিজের জন্য কোনো সীমারেখা টানতে চাইনি। শুধু একটি ইন্ডাস্ট্রিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে কাজ করতে চেয়েছি। শুধু একটি ভাষায় কথা বলতে চাইনি, সব ভাষায় কথা বলতে চেয়েছি।’
‘পুষ্পা’ সিনেমার এই অভিনেত্রী আরও বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই আমি নানা ধরনের সিনেমায় কাজ করেছি। তাই এখন যখন “অ্যানিমেল” ও “দ্য গার্লফ্রেন্ড”-এর মতো দারুণ দুটি সিনেমার অংশ হতে পারি, একজন অভিনেত্রী হিসেবে অনেক তৃপ্তি পাই। কারণ, আমি সব ধরনের চরিত্রেই অভিনয় করতে পারছি। দুটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের সিনেমা। অথচ আমি দুটিতেই অভিনয় করেছি। আমি ঠিক এটাই চেয়েছিলাম।’
রাশমিকার হিন্দি উচ্চারণ নিয়েও রয়েছে সমালোচনা। ‘থামা’, ‘ককটেল ২’ কিংবা ‘সিকান্দার’—সব সিনেমাতেই তাঁর হিন্দি উচ্চারণ নিয়ে আলোচনা হয়েছে। অনেকের মতে, তাঁর উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে।
এ বিষয়ে রাশমিকা বলেন, ‘এটা নিয়ে আমার তেমন কোনো সমস্যা নেই। মানুষ বলে, আমার উচ্চারণে দক্ষিণ ভারতীয় টান রয়েছে। আমি তো দক্ষিণ ভারতেরই মানুষ। আমার কথায় সেই টান থাকবে, এটাই স্বাভাবিক। এর উল্টোটা আশা করাই বরং অযৌক্তিক।’
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর মুক্তি পেয়েছে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’। তবে বক্স অফিসে সুবিধা করতে পারছে না সিনেমাটি। এতে রাশমিকার সঙ্গে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা।


