নারায়ণগঞ্জ সদর উপজেলার হাজীগঞ্জ ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ মো. আনন্দ (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র্যাব-১১-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার মো. আনন্দ ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার মৃত নুরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার শিবু মার্কেট এলাকায় বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পেরেছে, তিনি দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

