জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাধারণ সভা-২০২৬ এক উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ আয়োজনে রূপ নেয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। তিনি তার বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের অ্যালামনাই কার্যক্রমকে আরও বেগবান ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি বিভাগের কেন্দ্রীয় সেমিনার হলকে শীতাতপ নিয়ন্ত্রিত (এয়ার কন্ডিশন) করার ঘোষণা দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রইছ উদ্দিনসহ অন্যান্যরা। উপাচার্য ও সংগঠনের সভাপতি তাদের বক্তব্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং একটি কেন্দ্রীয় “জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই” গঠনের ঘোষণা দেন। এছাড়াও আগামী ২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণা দিবস একযোগে পালনের ঘোষণা প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রফেসর ড. মো. জহিরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল। এ সময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন সভাপতি নিজেই।
অনুষ্ঠানের দেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বক্তারা উল্লেখ করেন, তার ঘোষণার মাধ্যমেই ঐতিহ্যবাহী জগন্নাথ কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়, যা দেশের উচ্চশিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা অ্যালামনাই প্ল্যাটফর্মকে আরও কার্যকর করার বিষয়ে মতামত প্রদান করেন।
দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ ও সম্প্রীতির আবহ তৈরি করে।
সার্বিকভাবে এ আয়োজনটি অ্যালামনাই নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
রিপোর্ট: শেখ মুহাম্মদ জায়েদ আল ফাত্তাহ, এক্সিকিউটিভ এডিটর

