গাজায় ভোররাতের ইসরাইলি বিমান হামলায় এক বছরের শিশুসহ একই পরিবারের তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
হাসপাতাল সূত্র জানায়, মধ্য গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে হামলাটি চালানো হয়। হামলার পর ধ্বংসস্তূপ থেকে এক দম্পতি ও তাদের এক বছরের শিশুর মরদেহ উদ্ধার করে দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়।
গত অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও অঞ্চলটিতে প্রায় প্রতিদিনই সহিংসতার ঘটনা ঘটছে। ইসরাইল ও হামাস—উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে আসছে।
এ ঘটনায় ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এর আগে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় মধ্য গাজায় হামাসের তিনটি অস্ত্র গুদামে হামলা চালানো হয়েছে।
ইসরাইলের দাবি, যেসব লক্ষ্যবস্তুকে তারা নিরাপত্তার জন্য হুমকি মনে করে, সেগুলোর বিরুদ্ধে হামলা চালানোর অধিকার তাদের রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৯০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে ইসরাইলি সেনাবাহিনীর পাঁচ সদস্য নিহত হওয়ার তথ্যও পাওয়া গেছে।
তবে গাজায় গণমাধ্যমের প্রবেশ ও তথ্য সংগ্রহে বিধিনিষেধ থাকায় হতাহতের প্রকৃত সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

