টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারতের জয়ের সম্ভাবনা দেখছেন না পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লাতিফ। তাঁর মতে, ইংল্যান্ডের কোনো একজন ব্যাটার বড় ইনিংস খেললেই ভারতকে হারানোর জন্য সেটিই যথেষ্ট হবে।
লাতিফের বিশ্বাস, কঠিন কন্ডিশনে খেলার অভিজ্ঞতাই এই ম্যাচে ইংল্যান্ডকে এগিয়ে রাখবে। যদিও ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাইয়ে, তবু শ্রীলঙ্কার কঠিন উইকেটে খেলে সফল হওয়ায় ইংল্যান্ডের আত্মবিশ্বাস আরও বেড়েছে বলে মনে করেন তিনি।
লাতিফ বলেন, ইংল্যান্ড কঠিন কন্ডিশনে খেলে এসেছে এবং সেখানে তাদের দুই থেকে তিনজন ব্যাটার ভালো করেছে। এতে দলটির মিডল অর্ডার আরও শক্তিশালী হয়ে উঠেছে। তাঁর মতে, এমন কন্ডিশনে কীভাবে খেলতে হয় তা ইংল্যান্ড খুব ভালো করেই জানে।
তিনি আরও বলেন, ইংল্যান্ডের একজন ব্যাটার যদি বড় ইনিংস খেলতে পারে, তাহলে ভারতের জন্য ম্যাচ জেতা কঠিন হয়ে যাবে।
এবারের আসরে ইংল্যান্ডের শুরুটা খুব একটা ভালো ছিল না। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কষ্টার্জিত জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় তারা। তবে পরবর্তী দুই ম্যাচে জয় পেয়ে সুপার এইটে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেখানে তিনটি ম্যাচেই জিতে তারা সেমি-ফাইনাল নিশ্চিত করে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। এতে ভারত এগিয়ে আছে ৩-২ ব্যবধানে। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। ২০২২ সালের আসরে সেমিফাইনালে ভারতকে ১০ উইকেটে হারিয়ে শিরোপা জয়ের পথে এগিয়েছিল ইংল্যান্ড। তবে গত বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

