পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের অঙ্গীকার জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
জুন ১৬, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদে ‘বগলদাবা’ বা সংঘাতমুখী বিরোধী দলের ভূমিকায় যেতে চায় না জামায়াতে ইসলামী। জনগণের স্বার্থ রক্ষায় যুক্তিনির্ভর ও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালনের কথা জানিয়েছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় বিরোধীদলীয় উপনেতা আবদুল্লাহ মোহাম্মাদ তাহের, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও নেতারা উপস্থিত ছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, অতীতে দেশে দুই ধরনের বিরোধী দলের চর্চা দেখা গেছে। একদিকে ছিল সরকারনির্ভর বা নিয়ন্ত্রিত বিরোধী দল, অন্যদিকে সংসদে সংঘাত সৃষ্টি করে দীর্ঘ সময় বর্জনের রাজনীতি করা বিরোধী দল। জামায়াত এই দুই ধারার কোনোটিই অনুসরণ করবে না।

তিনি বলেন, “আমরা বগলদাবা বিরোধী দল হব না। আবার এমন আচরণও করব না, যাতে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। সংসদে আমাদের অবস্থান স্পষ্ট—উই উইল বি রিজনেবল অ্যান্ড লজিক্যাল।”

বিরোধীদলীয় নেতা জানান, জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতোমধ্যে সংসদে নোটিশ দিয়েছে তাঁর দল। এর মধ্যে রয়েছে গণভোটের ফল বাস্তবায়ন, ব্যাংক খাতের সংকট, প্রবাসীদের সমস্যা এবং সীমান্তে ‘পুশ-ইন’ ইস্যু।

তিনি বলেন, প্রবাসীদের সমস্যা সমাধানে সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব দেওয়া হলেও সরকার এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

সীমান্তে পুশ-ইন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টিকে সংবেদনশীল উল্লেখ করে নোটিশ প্রত্যাহারের অনুরোধ করা হলেও তাঁদের সংসদ সদস্য তা করতে রাজি হননি। একবার আলোচনার জন্য নির্ধারিত হলেও পরে কার্যসূচি থেকে বিষয়টি বাদ দেওয়া হয়। জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে এ বিষয়ে সংসদে আলোচনা হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাজেট অধিবেশন নিয়ে তিনি বলেন, কার্যপ্রণালি বিধি অনুযায়ী সম্পূরক বাজেট মার্চ মাসে উপস্থাপনের কথা থাকলেও তা জুনের মাঝামাঝি সময়ে আনা হয়েছে। এতে জবাবদিহিতার ঘাটতি তৈরি হয়।

অর্থবছরের শেষ দিকে দ্রুত সরকারি অর্থ ব্যয়ের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, এতে অপচয় ও অনিয়মের সুযোগ বাড়ে। পাশাপাশি বর্ষাকালে উন্নয়নকাজ বাস্তবায়নের ক্ষেত্রেও কাজের মান বজায় রাখা কঠিন হয়ে পড়ে।

ফিসকাল ইয়ার জুলাই-জুনের পরিবর্তে জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব দিয়ে তিনি বলেন, এতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং ব্যয় ব্যবস্থাপনায় আরও কার্যকারিতা আসতে পারে।

সংসদীয় আচরণ নিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ব্যক্তিগত আক্রমণ, দলীয় চরিত্রহনন কিংবা অযথা প্রশংসা-স্তুতিতে সংসদের মূল্যবান সময় নষ্ট করা উচিত নয়।

তিনি বলেন, “আমরা এখানে কারও প্রশংসা করতে আসিনি। জনগণের পক্ষে কথা বলতে এসেছি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সংসদকে ‘মিলমিশের সংসদ’ হিসেবে দেখার ধারণা নাকচ করে তিনি বলেন, যৌক্তিক বিষয়ে সরকারকে সমর্থন দেওয়া এবং প্রয়োজন হলে সমালোচনা করাই কার্যকর বিরোধী দলের দায়িত্ব। কোনো বিষয়ে মতামত উপেক্ষিত হলে ওয়াকআউট করা হতে পারে, তবে দীর্ঘমেয়াদে সংসদ বর্জনের পথে যাবে না জামায়াত।

সংবিধান সংশোধন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, তাঁর দল সংবিধান সংশোধনের চেয়ে সংস্কারের পক্ষে। এ লক্ষ্যে কোনো কমিটি গঠনের প্রস্তাব এলে তা বিবেচনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।