জামালপুরের বকশীগঞ্জে সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ কৃষকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় বকশীগঞ্জ–রৌমারী সড়কে কৃষকরা অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কৃষি কর্মকর্তার আশ্বাসে ২ ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলায় চলতি রবি মৌসুমে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। কৃষকরা চাহিদামতো সার পাচ্ছিলেন না। এতে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে বাট্টাজোড় ইউনিয়নের নতুন বাজারে ডিলারের মাধ্যমে কৃষকদের সার দেওয়ার কথা ছিল। কিন্তু বরাদ্দকৃত সারের তুলনায় বেশি কৃষক সার নিতে আসায় সার ডিলার রোমান মিয়া সার সরবরাহ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে কৃষকরা সড়কে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে সকল যান চলাচল বন্ধ করে দেন।
অবরোধের কারণে বকশীগঞ্জ–রৌমারী সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা এবং উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাস্থলে যান। তাদের আশ্বাসে ২ ঘণ্টা পর কৃষকরা অবরোধ তুলে নেন।বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কৃষকদের জাতীয় পরিচয়পত্র দেখে সার সরবরাহ করা হবে। তারা অবরোধ প্রত্যাহার করেছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

