গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বাড়িতে প্লাস্টিকের পাত্রে সংরক্ষণ করে রাখা জ্বালানি তেলে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পরিবারের সদস্যরা বলছে, একটি প্লাস্টিকের ড্রাম কেটে তৈরি করা পাত্রে ডিজেল রাখা ছিল, সেখানে এ দুর্ঘটনাটি ঘটে।
বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আবস্থায় আরাফ মিয়া নামের শিশুটি মারা যায় বলে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক স্বপন কুমার জানিয়েছেন।
আরাফ সাদল্লাপুরের ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের বাবু মিয়ার ছেলে।
পুলিশ ও শিশুটির পারিবার বলছে, বাবু মিয়ার একটি ট্রাক আছে। সম্প্রতি ওই ট্রাকটির জ্বালানি তেলের ট্যাংক ফুটো হয়ে যায়। মঙ্গলবার সেটি মেরামত করার জন্য ট্যাংকে থাকা প্রায় ৫০ লিটার ডিজেল বের করে একটি প্লাস্টিকের পাত্রে রাখেন। পাত্রটি রাখা হয় বাড়ির একটি ঘরের বারান্দায়।
মঙ্গলবার বিকালে আরাফ ওই ঘরের বারান্দায় খেলা করছিল। এক পর্যায়ে পরিবারের সবার অজান্তে সে ওই প্লাস্টিকের পাত্রে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে পরিদর্শক স্বপন কুমার জানিয়েছেন।
স্বজনদের কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

