ভেনেজুয়ায় শক্তিশালী দুটি ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে প্রথমে ৭ দশমিক ২ মাত্রার এবং প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।
শক্তিশালী এই জোড়া ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ও বসতবাড়ি আংশিক বা সম্পূর্ণ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রয়োজনীয় জনবল, ভারী যন্ত্রপাতি ও উদ্ধার সরঞ্জামের সংকটের কারণে উদ্ধার অভিযান প্রত্যাশিত গতিতে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে বিলম্ব হচ্ছে। কর্মকর্তাদের আশঙ্কা, দ্রুত উদ্ধারকাজ জোরদার করা না গেলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে কারাকাস ও লা গুয়াইরা। লা গুয়াইরার বাসিন্দা ড্যানি রিজো এএফপিকে বলেন, তাঁর এলাকায় একটি কিশোরী ধসে পড়া ভবনের নিচে আহত অবস্থায় দীর্ঘ সময় আটকে ছিল। উদ্ধারকর্মীরা সময়মতো প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি নিয়ে পৌঁছাতে না পারায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ধ্বংসস্তূপের নিচেই তার মৃত্যু হয়।
ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে জরুরি অভিযান চলছে।

