আসন্ন রথযাত্রা উৎসবকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির সদস্যদের নিয়ে এক বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় রথযাত্রা উপলক্ষে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাংলাদেশের অন্যতম ঐতিহ্য। রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি গুজবে কান না দিয়ে কোনো সন্দেহজনক বা অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ও রথযাত্রা আয়োজক কমিটির প্রতিনিধিরা উৎসবকে ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলা পুলিশের গৃহীত প্রস্তুতি ও উদ্যোগের প্রশংসা করেন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস ও তিলোত্তমা দাস, গোপাল জিউর মন্দিরের সভাপতি পরিতোষ কান্তি সাহা, বলদেব জিউর মন্দিরের সভাপতি জয় কে চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠন এবং ইসকনের অঙ্গসংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, জেলা পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও আয়োজকদের সমন্বিত প্রচেষ্টায় এবারও নারায়ণগঞ্জে রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

