রাজশাহী হাইটেক পার্কের পাশে রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগ, নীরব প্রশাসন!
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ঢালুর মোড় জামে মসজিদসংলগ্ন এবং হাইটেক পার্কের পাশে প্রধান সড়কের ধারে প্রায় ২০ কাঠা আয়তনের একটি পুকুর ভরাটের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার রাত থেকে সেখানে মাটি ফেলে পুকুর ভরাটের কার্যক্রম চলছে বলে জানা গেছে।
স্থানীয়দের প্রশ্ন, রাতের আঁধারে প্রকাশ্যে একটি বিশাল জলাধার ভরাটের কাজ চললেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন?
নগরীর জলাধার ও পরিবেশ সংরক্ষণ নিয়ে যখন নানা উদ্যোগের কথা বলা হচ্ছে, তখন জনবসতিপূর্ণ এলাকায় এভাবে পুকুর ভরাটের অভিযোগ নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন— পুকুরটি ভরাটের অনুমতি রয়েছে কি না? থাকলে কোন কর্তৃপক্ষ অনুমতি দিয়েছে? আর অনুমতি ছাড়া ভরাট করা হলে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি কেন?
পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইন কি কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ, নাকি বাস্তবেও এর প্রয়োগ হবে? বিষয়টি তদন্ত করে পুকুর ভরাট বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।


