সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ১৪৪৭ হিজরির জিলহজ মাস। সে হিসাবে দেশটিতে আগামী ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। আর পবিত্র আরাফাতের দিন হবে ২৬ মে।
ইসলামি চন্দ্রবর্ষের শেষ মাস জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপন করা হয়। সৌদি আরবের ঘোষণার পর বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও ঈদের তারিখ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে শুরু করেছে।
ইন্দোনেশিয়া জানিয়েছে, দেশটিতে সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। একই ঘোষণা দিয়েছে মালয়েশিয়া।
এদিকেসংযুক্ত আরব আমিরাত ও ২৭ মে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চাঁদ দেখার তথ্যের ভিত্তিতে এই ঘোষণা দেওয়া হয়।
তুরস্ক জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৭ মে দেশটিতে ঈদ উদযাপিত হবে। একই তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া।
অন্যদিকে Brunei জানিয়েছে, দেশটিতে জিলহজের চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে ঈদুল আজহা পালিত হবে।
জিলহজের চাঁদ দেখতে বিশ্বের বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটিগুলো এখনো পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। কয়েকটি দেশে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা রয়েছে।

