ময়মনসিংহে পৃথক ২টি হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মোহাম্মদ হারুন-অর রশিদ এবং অতিরিক্ত দায়রা জজ আদালত-৪-এর বিচারক জয়নাব বেগম পৃথক এ দুটি রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পুলিশ সদস্য সাইফুল ইসলাম হত্যা মামলার আসামি ঝালকাঠি জেলার আলাউদ্দিন (৪৩) ও তার স্ত্রী নাসরিন নেলী (৩২) এবং ময়মনসিংহের তারাকান্দায় হত্যা মামলার আসামি ময়মনসিংহের ফুলপুর উপজেলার রুবেল মিয়া (৩৩)। এ ছাড়া তারাকান্দায় একই মামলায় নরসিংদী জেলার দীন ইসলামকে (২৩) ৫০ হাজার টাকা অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিনের স্ত্রী নাসরিনের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন কনস্টেবল সাইফুল। এরই জেরে সাইফুলকে হত্যা করে মরদেহ গুম করতে গেলে স্থানীয়দের কাছে ধরা পড়েন আলাউদ্দিন ও নাসরিন। এ ঘটনায় নিহতের মা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। অপর ঘটনায়, ২০২২ সালে তারাকান্দায় কুলসুম নামে এক নারীকে হত্যা করে গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রুবেল ও দ্বীন ইসলাম স্থানীয়দের হাতে আটক হন। এ ঘটনায় নিহতের ছেলে তারাকান্দা থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনোয়ারুল আজিজ টুটুল বলেন, পরকীয়ার জেরে পুলিশ সদস্য হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড এবং গহনা ছিনতাইয়ের জেরে এক নারীকে হত্যার মামলায় একজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে।

