মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাব আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুদ্ধ পরিস্থিতির কারণে ব্রেন্ট ব্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত), যা ২০২০ সালে করোনা মহামারির পর এক দিনে সবচেয়ে বড় বৃদ্ধি। গত সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বেড়েছিল। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১৫০ ডলারে পৌঁছানোর আশঙ্কাও করছেন বিশ্লেষকেরা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালাচ্ছে এবং ইরান পাল্টা জবাব দিচ্ছে। এর ফলে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে এই বড় ধরনের উল্লম্ফন দেখা দিয়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের একাধিক তেল ডিপোসহ বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্বের ভোক্তা ও ব্যবসায়ীদের জন্য জ্বালানি মূল্য বৃদ্ধির হুমকি সৃষ্টি করেছে।
এই ধাক্কার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের মতো তেল আমদানিনির্ভর দেশগুলোর অর্থনীতিতে। জ্বালানি আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ছে, যার ফলে সরকারের ভর্তুকির অংকও দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম আরো বাড়তে পারে। এতে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকির চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শিল্প উৎপাদন, বিদ্যুৎ সরবরাহ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নতুন সংকট তৈরি হতে পারে।
বিদ্যুৎ বিভাগের একটি সূত্র জানায়, ইতিমধ্যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) কাছে দেশি-বিদেশি কোম্পানির পাওনা ৪৬ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আর্থিক সংকটকে আরও গভীর করছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুসারে ভর্তুকি কমানোর চাপে সরকার দ্বিধায় পড়েছে, যা বিদ্যুৎ ও জ্বালানি খাতকে নীতিগত ও কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।
এই সংকটের মূলে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহনের নিরাপত্তা উদ্বেগ। প্রতিদিন বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই পথ দিয়ে যায়। যুদ্ধের কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরানে মার্কিন হামলার পর থেকে দাম ২৮ শতাংশ বেড়েছে, যা এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ বাজারে সরাসরি প্রভাব ফেলছে।
জ্বালানি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাংলাদেশের জ্বালানি খাত মূলত আমদানিনির্ভর। দেশের অপরিশোধিত জ্বালানি তেলের প্রায় শতভাগই বিদেশ থেকে আমদানি করা হয়। অপরিশোধিত তেলের পুরোটা আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।
অন্যদিকে পরিশোধিত তেল আমদানি করা হয় চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে। দেশে সরকারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) এবং কয়েকটি বেসরকারি রিফাইনারি কনডেনসেট থেকে পেট্রোল ও অকটেনসহ প্রায় ৪০ ধরনের পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ১৬ লাখ টন। যেখানে দেশের পেট্রোল ও অকটেনের বার্ষিক চাহিদা আট থেকে সাড়ে আট লাখ টন।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো সরকারের কাছ থেকে নীতিগত সহায়তা পেলে সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় তারাও বড় ভূমিকা রাখতে পারে। সংকটকালে দেশীয় কোম্পানিকে আরো উৎসাহ ও সহযোগিতা করা দরকার।

