বাংলাদেশ সফরে পাকিস্তান দলে নেই অভিজ্ঞ ব্যাটসম্যান বাবর আজম। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে পাকিস্তান দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি দাবি করেছেন, এই সিরিজ থেকে কাউকে বাদ দেওয়া হয়নি; বরং তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশে এসে প্রথম সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসনও একই কথা বলেছিলেন। তার ভাষ্য, বাবরকে দল থেকে বাদ দেওয়া হয়নি। সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক আফ্রিদিও একই ব্যাখ্যা দেন।
এবারের বাংলাদেশ সফরে পাকিস্তান দলে রয়েছেন এমন ছয় ক্রিকেটার, যাদের কেউই আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। সেই দলে জায়গা হয়নি বাবর আজমের পাশাপাশি সাইম আইয়ুবেরও। বাবরের অনুপস্থিতি নিয়ে বিস্ময় আরও বেশি, কারণ কুড়ি ওভারের বিশ্বকাপে ব্যর্থ হলেও একদিনের ক্রিকেটে তার রেকর্ড বেশ সমৃদ্ধ। সাম্প্রতিক সিরিজেও তিনি একটি সেঞ্চুরি করেছিলেন।
আফ্রিদি বলেন, ‘কেউ এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা আমাদের তরুণদের সুযোগ দিতে চেয়েছি, কারণ তারাই আমাদের ভবিষ্যৎ। বাংলাদেশের বিপক্ষে সিরিজে তাদেরকে সুযোগ দেওয়ার উদ্দেশ্যই হলো আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করার সুযোগ দেওয়া।’
তিনি আরও বলেন, ‘সময় হলে তারা নিজেদের ভূমিকা বুঝতে পারবে এবং সামনে কী অপেক্ষা করছে সেটাও পরিষ্কার হবে। আমরা বিশ্বকাপের জন্য দল তৈরি করছি, তাই তরুণদের মাঠে নেমে তাদের দক্ষতা দেখানোর সুযোগ দিচ্ছি।’
পাকিস্তান অধিনায়ক আরও জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেই তিনজন ব্যাটসম্যানের অভিষেক হবে। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে ইনিংস শুরু করবেন অলরাউন্ডার মাজ সাদাকাত। তিন নম্বরে ব্যাট করবেন শামিল হুসাইন।

