জাতীয় নাগরিক পার্টি–এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া–কে দক্ষিণ কোরিয়ায় নাগরিক সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
রোববার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় দক্ষিণ কোরিয়ার খিম্পু শহরের খিম্পু ফরেন সাপোর্ট সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখা। এতে দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের আন্তরিকতা ও আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশ যখন সংকটের মধ্যে ছিল, তখন প্রবাসীরা দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার করেছিলেন। গণঅভ্যুত্থানে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যেভাবে প্রবাসীরা ঐক্যবদ্ধ ছিলেন, একইভাবে জুলাই সনদ ও গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও তাদের সক্রিয় থাকতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করতে প্রবাসীদের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ভবিষ্যতের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে এনসিপি কাজ করবে বলেও আশ্বাস দেন আসিফ মাহমুদ। তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের মতো আগামী নির্বাচনগুলোতেও প্রবাসীদের ভোটাধিকার অব্যাহত রাখার বিষয়ে দলটি গুরুত্ব দেবে।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীরা বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন। তারা শিক্ষার্থীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠানোর ব্যবস্থা, দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া সহজ করা, দালালচক্রের অপতৎপরতা বন্ধ, বিমানবন্দরে হয়রানি রোধ এবং দেশে প্রবাসীদের আরও বেশি অন্তর্ভুক্তির দাবি জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার আহ্বায়ক আরিফুর রহমান এবং সদস্য সচিব বাবুল মিয়া।

