পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নতুন আইন ও নামে এলিট ফোর্স গঠনের ভাবনা সরকারের

Main Admin
মে ১৮, ২০২৬ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)–এর কাঠামো ও আইন পরিবর্তন করে নতুন নামে একটি এলিট ফোর্স গঠনের চিন্তা করছে সরকার। এ জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে র‍্যাবের নিজস্ব কোনো পৃথক আইন নেই। একটি ব্যাটালিয়ন আইনের আওতায় এত দিন বাহিনীটি পরিচালিত হয়েছে। তবে সরকার এখন একটি স্বতন্ত্র আইন করতে চায়, যেখানে এলিট ফোর্সের কর্তৃত্ব, দায়িত্ব ও জবাবদিহির বিষয়গুলো স্পষ্টভাবে নির্ধারণ করা থাকবে।

তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ ও স্বাভাবিক রাখতে একটি বিশেষায়িত বাহিনীর প্রয়োজন রয়েছে। সে কারণেই বিদ্যমান কাঠামো পরিবর্তন করে এটিকে আরও আধুনিক, পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের রাজনৈতিক বাস্তবতায় দেশের বিভিন্ন বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর ভাষ্য, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে র‍্যাব প্রশ্নবিদ্ধ হয়েছিল এবং তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট সংস্থার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা –এর আমলে বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তবে সরকার প্রতিষ্ঠান হিসেবে র‍্যাবকে দায়ী মনে করে না।

মন্ত্রী আরও বলেন, নতুন নামে ও নতুন আইনের আওতায় এলিট ফোর্স গঠন করা হলে আন্তর্জাতিক মহল বিষয়টি নতুনভাবে বিবেচনা করতে পারে বলে সরকার আশা করছে।

আগের মতো এলিট ফোর্স রাজনৈতিকভাবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত কয়েক মাসে কোনো বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়নি। তাঁর ভাষায়, “দিনের শুরুই বলে দেয় দিনটি কেমন যাবে।”

সংবাদ সম্মেলনে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।