পত্রিকার পাতা
ঢাকাবুধবার , ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মে ২৩, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনা বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তৈরি কয়েকটি বৈদ্যুতিক (ইভি) গাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও একটি কাভার্ড ভ্যান চালিয়ে দেখেন।

আজ সকাল ১০টার দিকে কার্যালয়ে পৌঁছে দপ্তরে প্রবেশের আগে গাড়িগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁরা গাড়িগুলোর বিভিন্ন প্রযুক্তিগত দিক তুলে ধরেন।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, প্রধানমন্ত্রী দেশীয় উদ্যোগে ইভি গাড়ি তৈরির প্রশংসা করেছেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশের প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। তাদের তৈরি গাড়িগুলো সম্পূর্ণ ব্যাটারিচালিত ও পরিবেশবান্ধব। এসব গাড়িতে জ্বালানি তেলের প্রয়োজন হয় না এবং বিদ্যুৎ খরচও তুলনামূলক কম। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান ও নিরাপত্তা নিশ্চিত করে ইভি গাড়ি উৎপাদন করা গেলে এবং দেশ উপকৃত হলে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

কার্যালয় প্রাঙ্গণে প্রদর্শনের জন্য আনা হয় দুটি এসইউভি, একটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক, একটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেল। প্রধানমন্ত্রী প্রথমে একটি এসইউভি চালিয়ে দেখেন। পরে তিনি একটি কাভার্ড ভ্যানও চালান।

এরপর নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ মান্নান হোসেন খান ও ব্যবস্থাপনা পরিচালক মীর মাসুদ কবিরকে নিয়ে নিজের দপ্তরে যান প্রধানমন্ত্রী। সেখানে ইভি গাড়ির বাজারজাতকরণ ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

নির্মাতা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, এসইউভি ধরনের একটি গাড়ি একবার চার্জে ৪৫০ কিলোমিটারের বেশি চলতে পারে। সাধারণ চার্জিংয়ে ব্যাটারি পূর্ণ হতে সময় লাগে ৫ থেকে ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জিংয়ে প্রায় আধা ঘণ্টা।

অন্যদিকে ট্রাক ও কাভার্ড ভ্যান একবার চার্জে প্রায় ২০০ কিলোমিটার চলতে সক্ষম। এসব গাড়ির ব্যাটারি সাধারণভাবে পূর্ণ চার্জ হতে প্রায় ৬ ঘণ্টা এবং দ্রুত চার্জে প্রায় ৪০ মিনিট সময় লাগে।

এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।