মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা বেড়েছে। এপ্রিলের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইসরাইলকে লক্ষ্য করে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এর জবাবে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি করেছে ইসরাইল।
সোমবার ইসরাইলের এক সামরিক কর্মকর্তা সাংবাদিকদের জানান, রোববার রাত থেকে ইরান ইসরাইলের বিভিন্ন অঞ্চলের দিকে প্রায় ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময়ে ইয়েমেনভিত্তিক হুথি গোষ্ঠীও পৃথকভাবে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তিনি দাবি করেন।
ইসরাইলি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলার পর পাল্টা অভিযানে দক্ষিণ-পশ্চিম ইরানের মাহশহর এলাকায় অবস্থিত একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সের কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
সামরিক কর্মকর্তার দাবি, ওই স্থাপনায় এমন কিছু রাসায়নিক উপাদান উৎপাদিত হয়, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে। হামলার ফলে সংশ্লিষ্ট স্থাপনার কার্যক্রম এবং অস্ত্র উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইসরাইলি সেনাবাহিনী আরও জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি স্থাপনাকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার কথা জানিয়েছে ইসরাইল। দেশটির সামরিক সূত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় ইসরাইলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধানের সঙ্গে দুই দফা আলোচনা করেছেন।
সোমবার ইসরাইলের উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেজে ওঠে। একই সময়ে জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর ইরান ও ইসরাইলের মধ্যে এটিই প্রথম সরাসরি হামলা ও পাল্টা হামলার ঘটনা। নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে।

