মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়নের পয়শা উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং বিদ্যালয় প্রাঙ্গণকে মশামুক্ত রাখার লক্ষ্যে এ কার্যক্রম নেওয়া হয়।
বৌলতলী ইউনিয়ন পরিষদের অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার বিদ্যালয়ের আশপাশ ও প্রাঙ্গণে মশক নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। এ সময় শ্রেণিকক্ষেও ধোঁয়া ছড়িয়ে পড়ে। ফলে শিক্ষার্থীদের মধ্যে সাময়িক অস্বস্তি দেখা যায়। শিক্ষার্থীরা নাক-মুখ ঢেকে রাখতে দেখা গেছে।
ডেঙ্গু প্রতিরোধে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। এ ধরনের উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বাড়ানোও গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টদের মতে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং মশক নিধন অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। এর আগে ধারার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পয়শা প্রাথমিক বিদ্যালয় ও মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয়। এসময় ওষুধ মিটানোর তদারকি করে বৌলতলী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো.ইদ্রিস আলী শেখ।


