কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান, একাধিক অনিয়মের তথ্য
কাজী জাবেদ হোসেন
আদর্শ সদর প্রতিনিধি,কুমিল্লা
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ইসিজি-ইকো পরীক্ষায় অতিরিক্ত টাকা আদায়, ওষুধের মজুতে গরমিল ও পণ্য কেনাকাটায় অস্বাভাবিক মূল্য দেখানোর অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে সরকারি রাজস্ব আদায়, ওষুধের মজুত ও কেনাকাটায় একাধিক অনিয়মের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
বুধবার (২৫ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশনায় কুমিল্লার একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মো. এমরান হোসেন।
দুদকের পর্যবেক্ষণে, হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ইসিজি পরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নেওয়া হলেও নিয়মিত রশিদ দেওয়া হতো না। প্রতিদিন ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করালেও রেজিস্টারে ৪০ থেকে ৪৫ জনের তথ্য পাওয়া যায়। এ ছাড়া ইকো পরীক্ষার সরকারি ফি ২০০ টাকা হলেও অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
হাসপাতালের ওষুধ বিতরণ কেন্দ্র ও কেন্দ্রীয় স্টোরে মজুত যাচাই করে রেজিস্টারের সঙ্গে বাস্তব হিসাবের গরমিল পাওয়া যায়। মন্টিলুকাস্ট ওষুধের এক হাজার পাতা এবং হাইড্রোকর্টিসন ইনজেকশনের প্রায় এক হাজার ইউনিট ঘাটতি শনাক্ত হয়েছে। কয়েক ধরনের ওষুধের মজুতেও বড় ধরনের অসংগতি পাওয়া গেছে।
এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায় বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক বেশি দাম দেখানোর তথ্য পেয়েছে দুদক। সাবান, টয়লেট ক্লিনার, ফিনাইল, টিস্যু ও হ্যান্ডওয়াশসহ বিভিন্ন পণ্য দেড় থেকে তিন গুণ পর্যন্ত বেশি দামে কেনার তথ্য উঠে এসেছে।
অভিযান শেষে দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট আরও নথিপত্র চাওয়া হয়েছে। রেকর্ডপত্র সংগ্রহ ও পর্যালোচনা শেষে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


