দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের বাণিজ্যিক যানবাহন কেনার জন্য অর্থায়ন সুবিধা সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে প্রাইম ব্যাংক পিএলসি ও রানার মোটরস পিএলসি। এ অংশীদারত্বের আওতায় উদ্যোক্তাদের জন্য বিশেষায়িত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে তাঁদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারণে সহায়তা করা হবে।
সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংক পিএলসির করপোরেট প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় সিএমএসএমই গ্রাহকেরা রানার মোটরস পিএলসির বাণিজ্যিক যানবাহন কেনার জন্য আকর্ষণীয় সুদহারে দ্রুত অটো লিজ ফাইন্যান্সিং সুবিধা পাবেন।
এ উদ্যোগের মূল লক্ষ্য উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কমানো। এর ফলে তাঁরা ব্যবসার পরিবহন ও সরবরাহ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পরিচালন কার্যক্রম আরও দক্ষ করতে এবং ব্যবসার পরিধি সম্প্রসারণ করতে পারবেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম নাজিম এ চৌধুরী এবং রানার মোটরস পিএলসির প্রধান অর্থ কর্মকর্তা রাজেশ কুমার যাদব।


