বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৩০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬
আজকের সর্বশেষ সব খবর

১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে, মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল। শিক্ষাঙ্গনের সর্বত্রই ছিল নৈরাজ্য।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার এখন আর শুধু অবকাঠামোগত উন্নয়নে সীমাবদ্ধ থাকতে চায় না। শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের নানা দিকনির্দেশনা দেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে সুষম বণ্টন নিশ্চিত করা হয়নি। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, কিন্তু সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমান সরকারের লক্ষ্য হলো দেশের বিপুল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাভাবনা তুলে ধরে ড. মিলন বলেন, দীর্ঘ সময় প্রবাসে অবস্থান করলেও প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থা ও পাঠ্যক্রম আধুনিকায়ন নিয়ে চিন্তাভাবনা করেছেন। তাঁর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের প্রসঙ্গ তুলে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও অ্যাভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও পাঠ্যক্রম দ্রুত আধুনিকায়নের মাধ্যমে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।

পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি এসএসসি পরীক্ষায় পুনর্নিরীক্ষণের পর ৪৫ হাজার এবং এইচএসসি পরীক্ষায় ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। শিক্ষকদের উত্তরপত্র মূল্যায়নে আরও যত্নশীল হতে হবে।

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার মাত্র ৬ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে বিপথে না যান কিংবা তাঁদের শিক্ষাবর্ষ নষ্ট না হয়, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার আয়োজন করা হয়েছে।

কলেজের অধ্যক্ষদের উদ্দেশে ড. মিলন বলেন, শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। অধ্যক্ষদের নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে নিয়মিত ক্লাস নিশ্চিত করার পাশাপাশি জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়ন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।