জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’ নামে থাকা বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। জাহাজগুলোর নতুন নাম অনুমোদন দিয়ে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদনপত্র পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মাসফিকা হোসেন স্বাক্ষরিত চিঠিতে পাঁচটি জাহাজের বর্তমান নামের পরিবর্তে প্রস্তাবিত নতুন নাম অনুমোদনের কথা জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে জাহাজগুলোর নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল।
মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, কোস্টগার্ডের ‘বিসিজিএস জয় বাংলা’ জাহাজের নতুন নাম হবে ‘বিসিজিএস অদম্য বাংলা’। জাহাজটির পেন্যান্ট নম্বর পিসি-২০৮।
এ ছাড়া ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পিএল-৭১) জাহাজের নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’, ‘বিসিজিএস তাজউদ্দীন’ (পিএল-৭২) হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’, ‘বিসিজিএস মনসুর আলী’ (পিএল-৭৩) হয়েছে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং ‘বিসিজিএস কামরুজ্জামান’ (পিএল-৭৪) হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।
চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের অনুমতি দেওয়া হয়েছে।


