ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়ায় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে মুম্বাই পুলিশ। তিনি বলিউড তারকা আমির খানের ভাগ্নে।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ পার্টি বিক্ষোভের আয়োজন করে। সেখানে যোগ দেন অভিনেতা ইমরান খান। পরে তাঁকে আটক করে পুলিশ। আটকের পর পুলিশের গাড়ির ভেতর থেকে একটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে তাঁকে আতঙ্কিত মনে হয়নি।
এদিকে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে এদিন বড় ধরনের বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। তবে পুলিশ কাউকে সেখানে পৌঁছাতে দেয়নি। উল্টো ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলটির শীর্ষ নেতাদের দিল্লি বিমানবন্দর থেকে আটক করা হয়। তাঁরা এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, আগস্ট ক্রান্তি ময়দানে কাউকে জড়ো হওয়া বা বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি। কারণ, মুম্বাই হাইকোর্ট শুধু আজাদ ময়দানে বিক্ষোভের অনুমতি দিয়েছেন।
তবে বিক্ষোভকারীদের দাবি, আগস্ট ক্রান্তি ময়দানে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে তাঁরা পুলিশের কাছে ই-মেইল করেছিলেন। কিন্তু এ বিষয়ে পুলিশের কাছ থেকে কোনো জবাব পাননি তাঁরা।
তরুণ আন্দোলনকারীদের পাশে রাহুল গান্ধী
নয়াদিল্লিতে আন্দোলনরত তরুণদের প্রতি সমর্থন জানিয়েছেন ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ভারতের তরুণরা, তোমাদের নিয়ে আমি গর্বিত। আন্দোলন অব্যাহত রাখো। আমরা তোমাদের পাশে দাঁড়াচ্ছি।’


