সৌদি আরবের রাজধানী রিয়াদে পরপর দুই দিন হামলার পর এবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের প্রধান শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। রোববার স্থানীয় সময় সন্ধ্যার পর এ হামলা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন—গাকা)।
শনিবার ও রোববার রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। রোববারের হামলায় একজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন।
একই দিন পূর্বাঞ্চলীয় প্রদেশের দাম্মাম বিমানবন্দরেও হামলা চালায় হুথি গোষ্ঠী। তবে এ হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে এখনো তথ্য জানায়নি গাকা বা দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষ।
রিয়াদ থেকে প্রায় ৪১০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দাম্মাম সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাজধানী। আরব উপসাগরের উপকূলে অবস্থিত শহরটি দেশটির অন্যতম প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। তেল ও গ্যাসশিল্পের গুরুত্বপূর্ণ কেন্দ্র হওয়ায় এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো রয়েছে।
কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর পূর্বাঞ্চলীয় প্রদেশের অন্যতম প্রবেশদ্বার হিসেবে কাজ করে। বিমানবন্দরটি সৌদি আরবের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যের সঙ্গে সংযোগ স্থাপন করেছে।
হুথি বিদ্রোহীরা ইতিমধ্যে এ হামলার দায় স্বীকার করেছে। রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে রিয়াদ ও দাম্মামে হামলার কথা স্বীকার করেন গোষ্ঠীটির শীর্ষ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী।
তিনি বলেন, “সামনের দিনগুলোতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে আরও কঠিন হামলা করা হবে। বিমান পরিষেবা সংস্থা, বিমানবন্দরের কর্মী এবং ভ্রমণকারীরা যেন ভবিষ্যতের সম্ভাব্য হামলা সম্পর্কে সতর্ক থাকেন।”
ইয়াহিয়া কাসিম সারী আরও জানান, শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় সৌদি আরব-সমর্থিত ইয়েমেনি সেনাবাহিনী হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ১২৪টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার জবাব দিতেই রিয়াদ ও দাম্মামের বিমানবন্দরে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথি বিদ্রোহীরা।
সূত্র: ইন্ডিয়া টুডে


