রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে আসামি করা হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তদন্তে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে ওই ঘটনায় হাসানুল হক ইনুর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য মিলেছে।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, ঘটনাকালে ইনু তথ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তদন্তে উঠে এসেছে, তৎকালীন সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টেলিভিশনের সরাসরি সম্প্রচার বন্ধ করা হয়। একই রাতে ইসলামিক টেলিভিশনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরবর্তী সময় দীর্ঘদিন দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ ছিল।
আমিনুল ইসলাম দাবি করেন, শাপলা চত্বরের ঘটনার আলামত নষ্ট ও তথ্য গোপনের উদ্দেশ্যে টেলিভিশন দুটির সম্প্রচার বন্ধে ভূমিকা রাখা হয়েছিল। তাঁর দাবি, এ বিষয়ে তদন্তে যে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে, তাতে হাসানুল হক ইনুকে মামলার আসামি করার মতো ভিত্তি রয়েছে।
তবে এ বিষয়ে হাসানুল হক ইনুর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ড-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে ওই রায়কে পর্যাপ্ত মনে করছে না প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সাজা বৃদ্ধি চেয়ে আপিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

