পত্রিকার পাতা
ঢাকাবৃহস্পতিবার , ১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

সোনারগাঁয়ে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হাসনাত আব্দুল্লাহর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জুলাই ১৫, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চাঁদাবাজি, অবৈধ প্রভাব বিস্তার ও রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানের অন্যতম নেতা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ‘এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না।’

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় এনসিপি আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, মোগরাপাড়া চৌরাস্তার ফুটপাত ও পরিবহন খাতে প্রকাশ্যে চাঁদাবাজি চলছে। তাঁর দাবি, ‘কেউ ২০০ টাকা আয় করলে তার মধ্যে ৫০ টাকা যুবদল-ছাত্রদলকে দিতে হয়। ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ এই চাঁদাবাজিতে অতিষ্ঠ।’

তিনি আরও বলেন, ‘বাবা এমপি, ছেলে চাঁদাবাজি করে। থানায় গিয়ে মুচলেকা দিয়ে বের হয়ে আসে। সোনারগাঁয়ের আনাচকানাচে, বিশেষ করে বিভিন্ন মিল-কারখানায় চাঁদাবাজি চলছে। এই চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে হবে।’

গ্যাস–সংকটের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘সারা দেশে যখন গ্যাস–সংকট চলছে, তখন রাজনৈতিক ছত্রছায়ায় সোনারগাঁয়ে চুনা কারখানার রমরমা ব্যবসা চলছে। এসব অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় জনগণ জেগে উঠলে পালানোর জায়গা পাওয়া যাবে না।’

তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা শুধু কোনো ব্যক্তির পরিবর্তন চাইনি, আমরা একটি ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু বর্তমান বিএনপি সরকার গণভোটের বিপক্ষে অবস্থান নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংবিধান সংস্কার কমিটি নাকি সংবিধানে নেই। যদি তাই হয়, তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে নেই।’

শিক্ষামন্ত্রীকে উদ্দেশ করে দেওয়া এক বক্তব্যে তিনি শিক্ষার্থীদের আন্দোলনের অবদানের কথা তুলে ধরে বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন ও ত্যাগের কারণেই আজ অনেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। তাই শিক্ষার্থীদের সঙ্গে স্ট্যান্ডবাজি না করার আহ্বান জানাই।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা বিভাগের প্রধান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুলাহ আল আমীন, জাতীয় যুবশক্তির সিনিয়র সহসভাপতি তুহিন মাহমুদ, সাকিল সাইফুল্লাহ, জাহিদুল হক বাঁধনসহ দলীয় নেতাকর্মীরা।

মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত পথযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়। বক্তারা সোনারগাঁয়ে চাঁদাবাজি, দখলবাজি ও রাজনৈতিক প্রভাবমুক্ত একটি সুশাসিত পরিবেশ গড়ে তোলার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।