স্পেনের মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর মাদ্রিদের সঙ্গে সিউদাদ রিয়াল ও আন্দালুসিয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্পেনের রেল অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এডিআইএফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংস্থাটি।
স্প্যানিশ পাবলিক ব্রডকাস্টার টিভিই জানিয়েছে, দুর্ঘটনার সময় দুটি ট্রেন একই লাইনে চলছিল। এর মধ্যে একটি ট্রেন অত্যন্ত দ্রুতগতিতে পেছন থেকে অন্য ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এ দুর্ঘটনায় ‘অবাক’ হয়েছেন বলে জানিয়েছেন।
সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনেও বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোতে ৪৬ জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার শিকার দুটি ট্রেনে মোট ৫৪৪ জন যাত্রী ছিলেন। মোরা ও ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়ায় যাচ্ছিল।
দুর্ঘটনার সময় ট্রেনে থাকা ৫৪ বছর বয়সী যাত্রী জেসুস জেরোনিমো ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।
জেরোনিমো বলেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”


