রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার ৪০ ফুট খাল পুনরুদ্ধারে পাঁচ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বর্জ্য জমে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়া খালটির স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ উদ্যোগের লক্ষ্য শুধু একটি জলপথ পরিষ্কার করা নয়; বরং শহুরে দূষণ কমানো, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা এবং পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগর গড়ে তোলার পথ তৈরি করা।
একসময় খালটি স্থানীয় প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ ছিল। বৃষ্টির পানি নিষ্কাশন ও জলাবদ্ধতা কমাতে ভূমিকা রাখার পাশাপাশি এটি জলজ প্রাণীর স্বাভাবিক আবাসস্থল হিসেবেও কাজ করত। স্থানীয় বাসিন্দাদের কাছে এ ধরনের খাল কেবল পানির আধার নয়, বরং নগরের বাস্তুতন্ত্রের অপরিহার্য অংশ।
তবে দ্রুত নগরায়ণের ফলে বসিলার চিত্র ধীরে ধীরে বদলে যায়। আবাসিক ভবন, রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো গড়ে ওঠার সঙ্গে সঙ্গে খালটির ওপর চাপ বাড়তে থাকে। বর্জ্য জমা, দখল, পলি পড়া ও জলপথ সংকুচিত হয়ে যাওয়ায় এর স্বাভাবিক কার্যকারিতা হুমকির মুখে পড়ে।
প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ খালটি একসময় গুরুত্বপূর্ণ পানি নিষ্কাশন পথ হিসেবে কাজ করলেও পরে দূষণ, জলাবদ্ধতা ও পরিবেশগত অবনতির উৎস হয়ে উঠতে শুরু করে।
স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন বলেন, একসময় এ খালে নৌকা চলাচল করত। কিন্তু ধীরে ধীরে খালটি হারিয়ে যেতে বসেছিল। এখন পুনরুদ্ধারের কাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত। খালটি আবার আগের রূপ ফিরে পাবে বলে আশা করছেন তাঁরা।
আরেক বাসিন্দা মোহাম্মদ হাফিজ বলেন, খালের পরিবেশ পরিচ্ছন্ন থাকলে স্থানীয় মানুষই এর সুফল পাবেন। বর্তমানে খালটি মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। এটি পুনরুদ্ধার করা হলে মশার কারণে সৃষ্ট দুর্ভোগ কমবে বলে আশা করেন তিনি।
খালটি পুনরুদ্ধারে পরিবেশবাদী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও সিটি ব্যাংক পিএলসির সহযোগিতায় ফুটস্টেপস বাংলাদেশ এ উদ্যোগ নিয়েছে।
ফুটস্টেপস বাংলাদেশের লোকাল ইমপ্যাক্ট অ্যান্ড আউটরিচ লিড সৈয়দ রিদওয়ান মুহাম্মদ ঋত্বিক জানান, খালে জমে থাকা বর্জ্য অপসারণ, স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনা এবং আশপাশের পরিবেশের উন্নয়ন করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
তিনি বলেন, এ কর্মসূচিতে ৪০০ জনের বেশি স্বেচ্ছাসেবী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তাঁদের সম্মিলিত প্রচেষ্টা দীর্ঘদিনের একটি নগর পরিবেশগত সমস্যা মোকাবিলায় সহায়তা করবে।
খাল পরিষ্কারের কাজে অংশ নিতে পাড়ে জড়ো হওয়া স্বেচ্ছাসেবীরা জলপথটি পরিচ্ছন্ন করা এবং এর হারানো প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন।
সংগৃহীত বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতা করার কথা রয়েছে। খালের পাড়ে জমে থাকা ময়লা-আবর্জনা পুনরায় সেখানে ফিরে আসা ঠেকাতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্বেচ্ছাসেবীদের কাছে এ কর্মসূচি শুধু ময়লা পরিষ্কারের কাজ নয়। তাঁদের মতে, প্রতিটি বর্জ্য অপসারণ একটি সুস্থ পরিবেশ গড়ে তোলার পথে অগ্রগতি। খালের প্রতিটি পরিচ্ছন্ন অংশ উন্নত পানি নিষ্কাশনব্যবস্থা ও পরিচ্ছন্ন বসতির সম্ভাবনা তৈরি করবে।
ঋত্বিক জানান, খালের পরিবেশ রক্ষায় এর পাড় ঘেঁষে হাঁটার পথ বা ওয়াকওয়ে তৈরি করা হবে। সংস্কারকাজ শেষ হওয়ার পর এক বছর খালটির দেখভালের দায়িত্ব পালন করবে ফুটস্টেপস বাংলাদেশ।
বসিলার এ উদ্যোগ ঢাকার জলপথগুলোর বড় সমস্যাগুলোও সামনে নিয়ে এসেছে। দূষণ, দখল ও অপরিকল্পিত নগরায়ণের কারণে রাজধানীর অনেক খাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বৃষ্টির পানি নিষ্কাশন এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার সক্ষমতা কমেছে।
খাল পরিষ্কার করা পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ প্রথম ধাপ হলেও দীর্ঘমেয়াদি সুফল পেতে নিয়মিত পরিচর্যা প্রয়োজন। নগর পরিকল্পনাবিদদের মতে, খাল টিকিয়ে রাখতে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত রক্ষণাবেক্ষণ, দখল প্রতিরোধ, জনসচেতনতা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।
এ ক্ষেত্রে স্থানীয় বাসিন্দারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। গৃহস্থালির বর্জ্য নালা ও খালে না ফেলা, পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেওয়া এবং দূষণের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর মাধ্যমে তাঁরা পুনরুদ্ধার কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করতে পারেন।
বসিলার ৪০ ফুট খাল পুনরুদ্ধারের উদ্যোগের মাধ্যমে একটি বার্তা স্পষ্ট হচ্ছে—পরিবেশ রক্ষার জন্য জনপরিসরকে সবার সম্পদ হিসেবে বিবেচনা করা এবং এর সুরক্ষায় সম্মিলিত দায়িত্ব পালন করা জরুরি।
এ উদ্যোগের সাফল্য শুধু পাঁচ দিনে কতটা বর্জ্য অপসারণ করা হলো, তা দিয়ে বিচার করা যাবে না। বরং পরবর্তী মাস ও বছরগুলোতে খালটি কতটা পরিচ্ছন্ন ও কার্যকর থাকে, সেটিই হবে প্রকৃত সাফল্যের মাপকাঠি। এ কর্মসূচি মানুষের আচরণে স্থায়ী পরিবর্তন আনতে এবং পরিবেশ ব্যবস্থাপনা জোরদার করতে পারলে এর সুফল অন্য এলাকাতেও ছড়িয়ে পড়তে পারে।
স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন বলেন, শুধু খাল সংস্কার করলেই হবে না, এটি পরিষ্কার রাখার দায়িত্ব সবার।
মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সভাপতি ওসমান গনি শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল ও নদী উদ্ধারের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে বসিলার এ খাল পুনরুদ্ধার করা হচ্ছে।


