বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশুক্রবার , ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন সামান্থা, পাশে ছিলেন রাজ

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী বছর বিনোদন অঙ্গনে দুই দশক পূর্ণ করবেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তবে ক্যারিয়ারের একপর্যায়ে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। মূলত মায়োসাইটিসে আক্রান্ত হওয়ার পর শারীরিক ও মানসিক নানা চ্যালেঞ্জের কারণে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।

সম্প্রতি ‘দ্য হলিউড রিপোর্টার’-এর সঙ্গে এক আলাপচারিতায় সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন সামান্থা। তিনি জানান, এক বছর বিরতি নেওয়ার পর অভিনয়ের বাইরে অন্য কিছু করার কথা ভাবতে শুরু করেছিলেন। চিকিৎসকদের পরামর্শে স্বাস্থ্যগত কারণে নিজেকে কিছুটা সময় দেওয়ার পাশাপাশি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন তিনি। একপর্যায়ে নিজেকে ‘সিরিয়াল উদ্যোক্তা’ বলেও উল্লেখ করেন সামান্থা।

সামান্থা বলেন, সে সময় ‘সিটাডেল’-এ অভিনয়ের জন্য তাঁর শুটিং করার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে কাজটি তাঁর জন্য সহজ ছিল না। পুরো শুটিং ইউনিটকে অপেক্ষায় রাখতে চাননি তিনি। অন্যদের সময় নষ্ট হবে—এমনটা ভেবে অভিনয়ের বদলে ‘মা ইন্তি বঙ্গারাম’ সিনেমাটি প্রযোজনা করার সিদ্ধান্ত নেন। তখন ক্যামেরার সামনে নয়, বরং পর্দার আড়ালে থাকতে চেয়েছিলেন তিনি।

তবে তাঁর বর্তমান স্বামী রাজ নিদিমোরু তাঁকে ক্যারিয়ার থেকে সরে যেতে দেননি। সামান্থা জানান, রাজ তাঁর প্রতি বেশি বিশ্বাস রাখতেন। সেটে তাঁর উপস্থিতিই অভিনেত্রীকে নতুন করে সাহস জুগিয়েছিল। এমনকি একপর্যায়ে ‘সিটাডেল’ টিমকে কাজ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে ই-মেইলও করেছিলেন তিনি। কিন্তু সংশ্লিষ্টরা তাঁর ওপর আস্থা হারাননি।

সামান্থা জানান, ‘মা ইন্তি বঙ্গারাম’-এ অভিনয়ের জন্য সাই পল্লবীও রাজি না হওয়ায় শেষ পর্যন্ত তিনি নিজেই এতে যুক্ত হন। গল্পটির সম্ভাবনা রয়েছে এবং এটি পর্দায় আসা উচিত—এমন বিশ্বাস থেকেই সিনেমাটিতে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি।

২০২২ সালে সামান্থা জানান, তিনি মায়োসাইটিস নামের একটি অটোইমিউন রোগে আক্রান্ত হয়েছেন। এ রোগে পেশি দুর্বল হয়ে পড়ে। তখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিজের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেছিলেন, চিকিৎসকেরা তাঁর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার বিষয়ে আশাবাদী।

গত ডিসেম্বরে ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ে হয় সামান্থার।

তথ্যসূত্র: এনডিটিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।