পবার বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী:
রাজশাহীর পবা উপজেলায় নিজ বাড়ির ছাদে মোহাম্মদ আবুল কালাম আজাদ (৪৫) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার মধুসূদনপুর মধ্যপাড়া এলাকার বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত আবুল কালাম আজাদের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আব্দুল মতিন জানান, ঘটনার রাতে বাড়িতে শুধু নিহতের স্ত্রী ছিলেন। তবে কীভাবে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তিনি কিছু বলতে পারছেন না। হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


