নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেই পদ্মা সেতুর টোল বুথে চুরির চেষ্টা, হাতেনাতে আটক ২
মো. শরীফ হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি”
দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও নিশ্ছিদ্র নিরাপত্তাবেষ্টিত স্থাপনা পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল বুথে প্রকাশ্যে চুরির চেষ্টার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বুধবার ভরদুপুরে টোল বুথের ড্রয়ার থেকে টাকা চুরির সময় দুই যুবককে হাতেনাতে আটক করেছেন নিরাপত্তাকর্মীরা। পরে তাঁদের পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক হওয়া দুজন হলেন মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা সোহান (২৪) ও ইসমাইল (৩০)।
সিসিটিভি ফুটেজ ও সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, দুপুর দেড়টার দিকে মাওয়া টোল প্লাজার পূর্ব-দক্ষিণ পাশের তারের বেড়ার নিচ দিয়ে কৌশলে ভেতরে ঢুকে পড়েন ওই দুই যুবক। এরপর একজন বাইরে পাহারায় থেকে অপরজন সরাসরি টোল বুথে ঢুকে ড্রয়ার থেকে টাকা চুরির চেষ্টা চালান। বিষয়টি তাৎক্ষণিকভাবে দায়িত্বরত নিরাপত্তাকর্মীদের নজরে এলে তাঁরা ধাওয়া করেন।
পালানোর চেষ্টাকালে ধস্তাধস্তির একপর্যায়ে দুজনকে আটক করা হয়। এতে তাঁরা সামান্য আহত হলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় বুধবার সন্ধ্যা সাতটার দিকে সেতু কর্তৃপক্ষের পক্ষে মাওয়া টোল প্লাজার ব্যবস্থাপক কামরুল হাসান তানভীর বাদী হয়ে পদ্মা সেতু উত্তর থানায় একটি মামলা দায়ের করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, সিসিটিভি ফুটেজে চুরির চেষ্টার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়েছে। আটক দুই যুবকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


