পরনে সাদা শার্ট, গলায় নীল টাই, মাথায় ক্যাপ। কাঁধ ও বুকে পাইলটের অফিশিয়াল ব্যাজ, চোখে কালো চশমা—এভাবেই বিমানের পাশে দাঁড়িয়ে পেশাদার পাইলটের সাজে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। ছবিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। প্রশ্ন উঠেছে, অভিনেতার এমন লুকের রহস্য কী?
মূলত জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’র একটি পাইলট চরিত্রের প্রয়োজনেই এই পোশাক ও সাজ নিয়েছেন তৌসিফ। সম্প্রতি সংবাদমাধ্যমকে এমনটিই জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ফেসবুকে পাইলটের লুকের একটি ছবি পোস্ট করেন তৌসিফ। ছবিটির পেছনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজও দেখা যায়। ছবিটি দেখে সহজে বোঝার উপায় ছিল না যে এটি কোনো নাটকের চরিত্রের রূপায়ণ।
ছবির ক্যাপশনে তৌসিফ লেখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং।’
অভিনেতার পোস্টটি মুহূর্তেই তাঁর ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করে। নতুন এই অবতারের প্রশংসায় ভরে যায় মন্তব্যের ঘর। ভক্তদের কেউ মজা করে প্রশ্ন করেন, ‘ভাই চাকরি পাইলেন নাকি?’ আবার কেউ লিখেছেন, ‘ক্যাপ্টেন ভাই আপনার বিমানে কি একটি চড়ানো যাবে?’
ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছেন, এটি মূলত বহু চরিত্রের সমান্তরাল গল্প নিয়ে এগোবে। যেখানে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে।
রোম্যান্স ও ড্রামা ঘরানার এই প্রোজেক্টে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন তিন লাক্স তারকা বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম ও নাযা নাওয়ার। এ ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন রেজওয়ানসহ আরও অনেকে।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।


