পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিকতম আলোচনাতে অচলাবস্থা দেখা গেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, ছয়ই নভেম্বর শুরু হওয়া ওই আলোচনায় অংশ নিতে পাকিস্তানি যে প্রতিনিধি দল ইস্তানবুল গিয়েছিল, তারা ফিরে আসছে। এদিকে, পাকিস্তানের বিরুদ্ধে ‘দায়িত্বহীন আচরণের’ অভিযোগ তুলেছে তালেবান।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও নিউজ-এর এক অনুষ্ঠানে মি. আসিফ বলেন, “পরের দফার আলোচনার কোনো কর্মসূচি নেই এবং সে বিষয়ে কোনো আশাও নেই।”
খাজা আসিফ দাবি করেন, “আলোচনার সময় আফগান প্রতিনিধি দল পাকিস্তানের অবস্থান মেনে নেয়, কিন্তু এই বিষয়টা লিখিতভাবে তুলে ধরতে তারা রাজি হননি। তারা শুধু এটাই বলে এসেছেন যে ওদের মুখের কথায় আমাদের বিশ্বাস করতে হবে”।
চলতি সপ্তাহের বৃহস্পতিবার ইস্তানবুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন দফা আলোচনা শুরু হয়। এর আগে একই শহরে দুই পক্ষের মধ্যে আলোচনা ফলপ্রসূ হয়নি।
সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে আলোচনার নীতি মেনে সমস্ত কিছু লিখিতভাবে উপস্থাপন করতে হয়।
তিনি বলেন, “এখন মধ্যস্থতাকারীরাও পিছু হটেছেন, কারণ তারা (আফগান পক্ষ) যদি এই (আলোচনায়) বিষয়ে ইতিবাচক থাকত, মনে করত যে (এই বিষয়ে) কোনো অগ্রগতি হতে পারে, তাহলে আমাদের প্রতিনিধি দলকে খালি হাতে ফিরতে হতো না”।
“যদি পরিস্থিতি আবার খারাপ হয় এবং তাদের ভূখণ্ড থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়, তবে পাকিস্তানও কিন্তু উপযুক্ত এবং কার্যকর জবাব দেবে”।
যুদ্ধবিরতির প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল তার কাছে। তিনি বলেছেন, “বর্তমানে যুদ্ধবিরতি এমন পর্যায়ে রয়েছে যে তাদের (আফগানিস্তানের) দিক থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যদি তেমনটা হয় তাহলে কিন্তু পাকিস্তান ব্যবস্থা নেবে”।

