রাজশাহীতে বিসিবির চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
মুরাদুল ইসলাম সনেট
, রাজশাহী: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট দলের মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া আরও তিন লাখ টাকা উদ্ধার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার মোজাম্মেল হকের ভাড়া বাসা থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজশাহী মহানগরীর মতিহার থানার কাজলা মৃধাপাড়ায় অভিযান চালিয়ে টাকাগুলো উদ্ধার করা হয়।
রাজশাহী জেলা পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় গ্রেপ্তার মোজাম্মেল হককে (৩২) জিজ্ঞাসাবাদে চুরি হওয়া টাকা তাঁর ভাড়া বাসার শয়নকক্ষে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা আছে বলে তথ্য পাওয়া যায়। পরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে খাকি কাগজের প্যাকেটে রাখা ৫০০ টাকার নোটের ছয়টি বান্ডিলে মোট তিন লাখ টাকা উদ্ধার করে।
পুলিশ সুপার মো. মামুন অর রশিদের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই মো. মেহেদী হাসানসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
এর আগে একই দিন ভোরে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর গ্রামে অভিযান চালিয়ে এ চুরির ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। তাঁদের কাছ থেকে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, আট হাজার টাকা, একটি ম্যাসাজ বেড, একটি লাগেজ, চারটি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম ও চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার রুবেল আহমেদ (৩৮) আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুঠিয়া থানায় ১৫ অক্টোবর মামলা হয়েছে। মামলার নম্বর ৭; দণ্ডবিধির ৪৬১ ও ৩৭৯ ধারায় মামলাটি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধার এবং চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।


