বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত রনি গ্রেফতার, উদ্ধার হত্যায় ব্যবহৃত পিস্তল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: তারেক হাসান চৌধুরী
অক্টোবর ১৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বহুল আলোচিত সাহেব আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ রনি (৩২)-কে গ্রেফতার করেছে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ আভিযানিক দল। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল ও এক রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে শরীয়তপুরের ভেদরগঞ্জ থানাধীন শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

গত ১২ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৫টা ৪৫ মিনিটে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সশস্ত্র হামলাকারীরা সাহেব আলী (৪০) নামের এক ব্যক্তিকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে।

প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রধান অভিযুক্ত রনিকে সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা গেছে বলে জানানো হয়। গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে আরও গুলি ছোড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার

হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে প্রধান অভিযুক্ত রনির অবস্থান শনাক্ত করা হয়।

এরই ধারাবাহিকতায় ১৫ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে এসআরবি-১১ ও এসআরবি-৮-এর যৌথ দল শরীয়তপুরের ভেদরগঞ্জ থানাধীন শাহজাহানপুর এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেফতার করে।

রনির দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং ব্যবহৃত অস্ত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানানো হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা ৭টার দিকে এসআরবি-১১-এর একটি দল সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনিতে তার নিজ বাসায় ফলোআপ অভিযান চালায়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার এজাহারনামীয় ৩ নম্বর অভিযুক্ত সাব্বিরকে গত ১৩ অক্টোবর গ্রেফতার করা হয়। মামলায় জড়িত অন্য পলাতক অভিযুক্তদের গ্রেফতারে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার রনির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে সামনে রেখে এসআরবি সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং আলোচিত অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।