বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাসোমবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

আগামী বছরের মধ্যে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল: ববি হাজ্জাজ

পত্রিকার পাতা ডেস্ক
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৬:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিশুদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে আগামী বছরের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে সরকার।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়মুখী ৪ থেকে ১০ বছর বয়সী শিশুদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষায় ধরে রাখতে পুষ্টিকর খাবার সরবরাহ কার্যকর ভূমিকা রাখে।

তিনি জানান, বর্তমানে দেশের ১৫১টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে। আগামী বছরের মধ্যে কর্মসূচির পরিধি আরও বাড়িয়ে দেশের সব উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এটি চালু করা হবে।

খাবারের মান ও ব্যবস্থাপনা সম্পর্কে ববি হাজ্জাজ বলেন, খাদ্যতালিকায় পুষ্টিমান বজায় রাখা এবং সরবরাহব্যবস্থা নিরবচ্ছিন্ন রাখতে নিয়মিত তদারকি জোরদার করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে স্থানীয় মা-বোনদের সম্পৃক্ত করে ‘মাদারস কমিটি’ গঠনের মাধ্যমে খাবার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।

পাইলট প্রকল্পের ফিডব্যাক পর্যালোচনা করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, প্রয়োজনীয় পুষ্টিমানের ভিত্তিতে প্রয়োজনে খাদ্যতালিকায় নতুন উপাদান যুক্ত করা হবে। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা অর্জনের সুযোগ পাবে।

চতুর্থ শ্রেণিতে চালু হতে যাওয়া নতুন বিষয়ে শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণিতে ‘স্পোর্টস ও কালচারাল এডুকেশনের’ একটি প্রাথমিক পাঠ্যবই দেওয়া হচ্ছে। ২০২৮ সালে এই ব্যাচ পঞ্চম শ্রেণিতে উঠলে পূর্ণাঙ্গ কারিকুলাম কার্যকর হবে। আপাতত সহকারী শিক্ষকদের তাত্ত্বিক প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রধান শিক্ষকদের শূন্য পদ ও নিয়োগ বিষয়ে ববি হাজ্জাজ জানান, প্রায় ৩৫ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদ শূন্য ছিল বা আইনি প্রক্রিয়ায় ছিল। এসব পদে দ্রুত শিক্ষক নিয়োগ ও পদায়ন নিশ্চিত করতে পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মনোয়ারা ইশরাত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।