কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটী গ্রাম থেকে উঠে আসা এক তরুণী নারী উদ্যোক্তার নাম জান্নাতুন্নেছা লাবনী। তার পেইজ “Cake Lovers 24/7” বাংলাদেশের ঘরোয়া কেক প্রেমীদের কাছে এখন একটি পরিচিত নাম।
২০২২ সালে কভিড-পরিস্থিতিতে স্বামীর চাকরি চলে যাওয়ার পর তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি হন। ছোট মেয়েকে নিয়ে বাইরে চাকরি করা ছিলো সম্ভব নয়। সেই সময়ই লাবনী ভাবেন, ঘরে বসেই কি করা যায়। প্রথমে জামা-কাপড় নিয়ে কিছু করার চিন্তা করেন, তবে তখন অভিজ্ঞতার অভাব এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের অভাবে তা সম্ভব হয়নি।
স্বামীর পরামর্শে তিনি কেক বানানো শুরু করেন। সেই সময় কেক তার জন্য ইউনিক ও নতুন একটি উদ্যোগ ছিল। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নিয়ে পেশাদার দক্ষতা অর্জনের জন্য তিনি বেকিং কোর্স সম্পন্ন করেন। লাবনীর কথায়, “আমার পেইজ ওপেন করা, নাম ঠিক করা—সবই স্বামীর সমর্থনে সম্ভব হয়েছে। আলহামদুলিল্লাহ, স্বামীকে আমার জীবনের এক অসেস নিয়ামত হিসেবে পেয়েছি।”
প্রথম অর্ডার পাওয়ার পর থেকে তার উদ্যোগে দ্রুত বৃদ্ধি দেখা দেয়। পরে কাপাসিয়া উপজেলা নারী উদ্যোক্তা গ্রুপের সিনিয়র এডমিন শারমিন সুলতানা আপুর সঙ্গে পরিচয় হয়। এর মাধ্যমে লাবনী বর্তমানে সিনিয়র মডারেটর হিসেবে কাজ করছেন এবং তার পরিচিতি বৃদ্ধি পেয়েছে।
যাত্রার পথে লাবনীকে নানা প্রতিকূলতা ও সমালোচনার মুখোমুখি হতে হয়েছে। তবে তিনি থেমে যাননি। তার বার্তা: “আমরা নারী পারি। আমার মতো আশেপাশের সকল আপুও এগিয়ে আসুক, নিজস্ব উদ্যোগে গড়ে উঠুক।”
আজ লাবনীর উদ্যোগ শুধু তার পরিবারকে সহায়তা করছে না, একই সঙ্গে স্থানীয় নারীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। ঘরোয়া কেকের ছোট্ট উদ্যোগ থেকে শুরু হয়ে লাবনী প্রমাণ করেছেন, দৃঢ় সংকল্প, শিক্ষা ও সহায়তার সমন্বয়েই একজন নারী স্বাবলম্বী হতে পারে।
লাবনীর গল্প প্রমাণ করে, ছোট উদ্যোগও বড় স্বপ্নের পথ খুলে দিতে পারে। এবং ঘরোয়া উদ্যোগকে নিয়ে নারীরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

