নিজস্ব প্রতিবেদক : মেকআপ আর্টিস্ট্রির জগতে নতুন দৃষ্টান্ত স্থাপন করছেন রোকসানা আক্তার নিহা। তিনি শুধু একজন সৌন্দর্য–শিল্পী নন, বরং একজন উদ্যোক্তা, মা এবং প্রতিশ্রুতিশীল নারী—যিনি নিজের পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে গড়ে তুলেছেন স্বপ্নের পথ। ইডেন মহিলা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা নিহা পড়াশোনার পাশাপাশি শখের মেকআপকেই পরবর্তীতে পেশা হিসেবে বেছে নেন। তার ভাষায়, “মেকআপ শুধু সৌন্দর্য বাড়ায় না, নারীর আত্মবিশ্বাসও জাগিয়ে তোলে।”
জীবনের নানা চড়াই–উতরাই পেরিয়ে আজ তিনি নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন সৌন্দর্য–জগতে। বাংলাদেশের মেকআপ ইন্ডাস্ট্রিতে টিমভিত্তিক কাজের যে ধারা বর্তমানে দেখা যাচ্ছে, তার অন্যতম পথিকৃৎ Blend by NF–এর প্রতিষ্ঠাতা তিনি নিজেই। তাদের লক্ষ্য—পেশাদারিত্ব, সৃজনশীলতা ও দলগত প্রচেষ্টার মাধ্যমে মেকআপ আর্টিস্ট্রিকে নতুনভাবে উপস্থাপন করা। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম ‘পত্রিকার পাতা’ তাদের উদ্যোক্তা হিসেবে তুলে ধরেছে। এটি নিহা ও তার টিমের জন্য অনুপ্রেরণা ও গর্বের বিষয়। তিনি বলেন, “আমাদের কাজকে যে–ভাবে উপস্থাপন করা হয়েছে, তা আমাদের আগামীর পথচলাকে আরও সহজ করে দিয়েছে। আমরা কৃতজ্ঞ পত্রিকার পাতার কাছে।”
রোকসানা আক্তার নিহা বিশ্বাস করেন, সৌন্দর্যবোধ ও নিজেকে গুছিয়ে রাখার অধিকার প্রতিটি নারীরই আছে। তাই ভবিষ্যতে আরও অনেক নারীর জন্য কর্মসংস্থান তৈরি করা এবং মেকআপ আর্টিস্ট্রি পেশাকে আরও সম্মানজনক পর্যায়ে নিয়ে যাওয়াই তার লক্ষ্য।

