বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

পদ্মা সেতুর পর বাড়ছে যাত্রী-বাস, সম্প্রসারণ হচ্ছে বাগেরহাট বাস টার্মিনাল

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

পদ্মা সেতু চালুর পর বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল ও যাত্রীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। একই সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এর সঙ্গে সামঞ্জস্য রেখে জেলার একমাত্র কেন্দ্রীয় বাস টার্মিনালকে আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তুলতে সম্প্রসারণ ও জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছে বাগেরহাট পৌরসভা।

বর্তমানে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার যাত্রী এই টার্মিনাল ব্যবহার করেন। আটটি রুটে চলাচল করে তিন শতাধিক বাস ও মিনিবাস। ফলে পুরোনো এই টার্মিনালে ক্রমবর্ধমান যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন জরুরি হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, টার্মিনালের বিভিন্ন অংশে গর্ত হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব স্থানে পানি জমে কাদা সৃষ্টি হয়। জায়গা সংকটের কারণে কিছু দূরপাল্লার বাস টার্মিনালের বাইরে সড়কের পাশে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করাচ্ছে। এতে যাত্রীদের ভোগান্তির পাশাপাশি ব্যস্ত সড়কে যানজট ও নিরাপত্তার বিষয়টিও সামনে এসেছে।

চট্টগ্রাম থেকে আসা যাত্রী রায়হান শেখ বাসসকে বলেন, বাসে উঠতে বা নামতে গিয়ে অনেক সময় সড়কের ওপর দাঁড়িয়ে থাকতে হয়। বড় বাস পাশ দিয়ে যাওয়ার সময় আতঙ্ক লাগে। টার্মিনালের ভেতরে পর্যাপ্ত জায়গা থাকলে এ ধরনের ভোগান্তি অনেকটাই কমে যেত।

আরেক যাত্রী শাওন বলেন, বৃষ্টির সময় টার্মিনালের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে যায়। নারী, শিশু ও বয়স্কদের চলাচলে এতে বেশি অসুবিধা হয়। দীর্ঘমেয়াদি সমাধানের পাশাপাশি দ্রুত কিছু ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ঢাকা থেকে আসা যাত্রী শাফিন আহমেদ বলেন, পদ্মা সেতু চালুর পর বাস ও যাত্রী—দুটিই বেড়েছে। এ অবস্থায় টার্মিনালের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হবে।

যশোর থেকে আসা নাফিজা বলেন, টার্মিনালের ভেতরে পর্যাপ্ত বসা ও অপেক্ষার জায়গা নেই। বৃষ্টির সময় কাদা-পানি মাড়িয়ে বাসে উঠতে হয়। টার্মিনালটি সংস্কার ও আধুনিকায়ন করা হলে যাত্রীদের জন্য, বিশেষ করে শিশু ও বয়স্কদের চলাচল আরও সহজ হবে।

সংশ্লিষ্টরা জানান, ২০০৪ সালে পৌরসভা এলাকার মহাসড়কের পাশে দুই একর জমির ওপর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে বাগেরহাট বাস টার্মিনালটি নির্মাণ করা হয়। দুই দশকের বেশি সময় পার হওয়ায় এবং বাস ও যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় বর্তমান অবকাঠামোর ওপর চাপ তৈরি হয়েছে।

বাগেরহাট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাসসকে বলেন, টার্মিনালের বর্তমান অবস্থা উন্নত করা প্রয়োজন। বিভিন্ন স্থানে বড় গর্ত ও কাদার কারণে যাত্রীদের ওঠানামায় ভোগান্তি হচ্ছে। গর্তে পড়ে বাসের বিভিন্ন যান্ত্রিক ত্রুটিও দেখা দিচ্ছে।

তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার অবহিত করা হয়েছে। টার্মিনাল সম্প্রসারণ ও সংস্কারের উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে যাত্রী, চালক ও পরিবহন শ্রমিকদের ভোগান্তি অনেকটাই কমবে।

বাগেরহাট পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বাসসকে বলেন, বাগেরহাট পৌর বাসস্ট্যান্ডটি পুরোনো হওয়ায় এটিকে আধুনিকায়নের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে বাসস্ট্যান্ডটি আধুনিক ও উন্নত বাসস্ট্যান্ডে রূপান্তর করা হবে।

তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সেখানে ইট-বালু দেওয়া হয়েছে। এরপরও কোনো সমস্যা থাকলে তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাসস্ট্যান্ডটি ব্যবহার করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাসস্ট্যান্ডের লাইটের সমস্যাটিও দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

পৌরসভার প্রকৌশলী এস এম হাবিবুল্লাহ বাসসকে জানান, বাস টার্মিনালটি সম্প্রসারণের জন্য আরও প্রায় তিন একর জমি অধিগ্রহণের কাজ চলছে। জমি অধিগ্রহণ সম্পন্ন হলে টার্মিনালের পরিসর বাড়ানোর পাশাপাশি যাত্রীদের সুযোগ-সুবিধাও বৃদ্ধি করা হবে।

যাত্রীরা বলছেন, দীর্ঘমেয়াদি সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনার পাশাপাশি টার্মিনালের বর্তমান খানাখন্দ, পানি নিষ্কাশন, আলোকসজ্জা এবং যানবাহন পার্কিংয়ের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হলে সেবার মান আরও উন্নত হবে। একই সঙ্গে পদ্মা সেতুর কারণে বাগেরহাটে বাড়তে থাকা গণপরিবহন ও যাত্রীসেবার চাহিদার সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক, নিরাপদ ও যাত্রীবান্ধব বাস টার্মিনাল গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।