বিজ্ঞাপন Walton Refrigerator Freezer Offer
পত্রিকার পাতা
ঢাকাশনিবার , ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উদ্যোক্তা
  5. কর্পোরেট
  6. কৃষি ও প্রকৃতি
  7. ক্যাম্পাস-ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরির খবর
  10. জাতীয়
  11. তথ্যপ্রযুক্তি
  12. তারুণ্য
  13. ধর্ম
  14. পর্যটন
  15. প্রবাস
আজকের সর্বশেষ সব খবর

‘২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য, ৪ কোটি শিক্ষার্থী—দেশ পুনর্গঠনে কেউ ঠেকাতে পারবে না’

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১২, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশে প্রায় ২৩ লাখ স্কাউট, ২২ হাজার বিএনসিসি সদস্য এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি শিক্ষার্থী রয়েছেন। এত বিপুলসংখ্যক মানুষ দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারবে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আপনাদের কাছে একটা সাহায্য চাই। আমি যতটুকু জানি, বাংলাদেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ। বিএনসিসির সদস্য সংখ্যা ২২ হাজার। দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪ কোটি। এবার আপনারা বলেন, আমরা এতগুলো মানুষ যদি দেশকে পুনর্গঠন করতে চাই, কেউ কি ঠেকিয়ে রাখতে পারবে? পারবে না।’

তিনি আরও বলেন, এখন দায়িত্ব নিতে হবে কীভাবে দেশকে গড়ে তোলা যায়। দেশকে গড়ে তুলতে হবে, কারণ আমরা এখানেই থাকব।

একটি দেশের এত বড় তরুণ সমাজ পরিবর্তন করতে চাইলে তা সম্ভব উল্লেখ করে তারেক রহমান বলেন, তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি তারা ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়েছে। পরিবর্তনের সূচনা তরুণ সমাজ এখান থেকে শুরু করেছে। কাজেই আগামী তিন মাস ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। হয়তো শতভাগ সফল হওয়া সম্ভব হবে না, তবে ৮০ ভাগ সফল হওয়া সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সবাই জানি, ডেঙ্গু যেসব কারণে হয়… ভাঙা-চোরা জিনিসপত্র বিভিন্ন জায়গায় পড়ে থাকে, বিভিন্ন মাটির ভাঙা জিনিস পড়ে থাকে। সেখানে পানি জমে ডেঙ্গুর এডিস মশা তৈরি হয়। কাজেই আমরা সবাই মিলে চেষ্টা করলে দেশের পরিবর্তন ঘটাতে পারব।’

তিনি বলেন, এই মাঠে আজ যত মানুষ উপস্থিত রয়েছেন এবং বিভিন্ন জেলা থেকে অনলাইনে যারা যুক্ত হয়েছেন, সবাই যদি টিস্যু ও পানি খেয়ে বোতল মাঠে ফেলে দেন, কেউ কি তাঁদের কিছু বলবে? বলবে না।

‘কিন্তু আমাদের নিজেদের চোখে দেখতে কেমন লাগবে? যখন এই ময়লাগুলো জমা হয়ে বড় আকার হবে, সেখান থেকে রোগ-জীবাণু সৃষ্টি হবে। আপনি হয়তো ভাবতে পারেন, তাতে আমার কী হবে, আমি তো দূরে থাকি। কিন্তু আপনার আপনজন কিংবা প্রিয়জন কেউ অসুস্থ হয়ে পড়বে। কাজেই আমরা নিজেকে ও পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। দেশকে সুস্থ রাখি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, কাজটি খুব কঠিন নয়। আজ হয়তো একটু কষ্ট হবে। প্রতি সপ্তাহে যদি এক ঘণ্টা সময় দিয়ে নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার করা যায়, তাহলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব হবে।

তারেক রহমান বলেন, যারা ময়লা-আবর্জনা করবেন, তাঁদের নিরুৎসাহিত করতে হবে। তাঁদের বলতে হবে, ‘যেখানে-সেখানে ময়লা করবেন না।’

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালে তরুণ সমাজ দেখিয়ে দিয়েছে কীভাবে দেশকে পরিবর্তন করতে হয়। পরিবর্তন হয়েছে। তরুণ সমাজের কাছে তাঁর আহ্বান, ‘আসুন, এবার আমরা রাষ্ট্রকে, দেশকে পুনর্গঠন করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।